রহমান ডাকাইতের পর এবার অক্ষয় খান্নার ভয়ংকর রূপে ‘মহাকালী’র প্রথম ঝলক
ছবি: সংগৃহীত
০২:২৬ এএম | ২৫ আগস্ট, ২০২৬
প্রকাশ্যে এসেছে প্রশান্ত ভার্মা সিনেমাটিক ইউনিভার্সের নতুন সিনেমা ‘মহাকালী’র প্রথম ঝলক। যেখানে শুক্রাচার্যের চরিত্রে অক্ষয় খান্না ও দেবী দুর্গার ভূমিকায় শ্রীয়া রেড্ডিকে দেখা গেছে। টিজারে অসুরদের উত্থান ও মানবজাতিকে ঘিরে ভয়ংকর যুদ্ধের ইঙ্গিত মিলেছে।
‘শুক্রাচার্যের ওয়ার ক্রাই’ শিরোনামের প্রায় তিন মিনিটের এই ঝলকে উঠে এসেছে এক অন্ধকার ও তীব্র পৌরাণিক জগতের আভাস। এতে অসুরদের শক্তিশালী গুরু শুক্রাচার্যের চরিত্রে দেখা গেছে অক্ষয় খান্নাকে। চোখ ধাঁধানো ভিজ্যুয়াল, পৌরাণিক আবহ এবং আসন্ন ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত মিলিয়ে টিজারটি ধর্ম ও অধর্মের বৃহত্তর সংঘাতের গল্পের আভাস দিয়েছে।
টিজারের গল্পের কেন্দ্রে রয়েছেন শুক্রাচার্য। ভয়েসওভারে মহাসমুদ্র মন্থনের প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হয়, দেবতা ও অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করলেও ভগবান বিষ্ণু কেন অমরত্বের অমৃত শুধু দেবতাদের দিয়েছিলেন। অসুরদের ইন্দ্রের সিংহাসনের অধিকার থেকে বঞ্চিত করে পাতাললোকে নির্বাসিত করা এবং চৌদ্দটি লোক তাদের জন্য বন্ধ করে দেওয়ার ঘটনাকেও ন্যায্যতা নিয়ে প্রশ্নের মুখে ফেলা হয়েছে।
এরপর টিজারে আরও ভয়ংকর যুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়। বলা হয়, আগামী ১৪ দিনের মধ্যে অসুরদের বিজয়ী গর্জন প্রতিটি লোকে প্রতিধ্বনিত হবে এবং অসুর জাতি মুক্তি পাবে। সবশেষে শোনা যায় ভয়ংকর নির্দেশ, ‘রক্তবীজ… মানবজাতিকে নিশ্চিহ্ন করো!’
শুক্রাচার্যের চরিত্রে অক্ষয় খান্নার রূপান্তরও টিজারের অন্যতম আকর্ষণ। লম্বা রুপালি-সাদা দাড়ি, জট বাঁধা চুল, তীক্ষ্ণ চোখ ও কপালে তিলক নিয়ে অভিনেতাকে একেবারেই ভিন্ন অবতারে দেখা গেছে। চরিত্রটির মধ্যে থাকা রহস্য ও তীব্রতা তাঁর উপস্থিতিকে আরও শক্তিশালী করে তুলেছে।

টিজারের শেষদিকে দেবী দুর্গার চরিত্রে দেখা যায় শ্রীয়া রেড্ডিকে। তাঁর দৃঢ় ও ভয়ংকর উপস্থিতি গল্পের পৌরাণিক আবহকে আরও জোরালো করেছে। বিশেষ করে একটি শিশুকে কোলে নিয়ে স্তন্যপান করানোর দৃশ্যটি দর্শকদের দৃষ্টি কেড়েছে।
‘মহাকালী’ প্রশান্ত বার্মার সিনেমাটিক ইউনিভার্সের নতুন সংযোজন। ‘হনুমান’-এর মাধ্যমে যাত্রা শুরু করা এই ইউনিভার্সকে এবার আরও বড় পরিসরে নিয়ে আসছেন নির্মাতারা। সিনেমাটি পরিচালনা করেছেন পূজা অপর্ণা কোল্লুরু। আরকে দুগ্গাল উপস্থাপিত সিনেমাটি আরকেডি স্টুডিওস-এর ব্যানারে প্রযোজনা করেছেন রিওয়াজ রমেশ দুগ্গাল।
সিনেমাটিতে অক্ষয় খান্না ও শ্রীয়া রেড্ডির পাশাপাশি অভিনয় করেছেন রোহিত সরফ, খুশবু সুন্দর, সমুথিরাকানি, রাকেশ বেদি, রজত কাপুর, নাসার ও মুরালি শর্মা। তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালায়ালম ভাষায় আগামী ২০২৭ সালের ৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির।
একেএস/টিএ