হানিয়ার ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, সামাজিক মাধ্যমে প্রশ্ন ‘মাতাল ছিলেন?’
ছবি: সংগৃহীত
০৮:৩৭ পিএম | ২৫ আগস্ট, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভিডিওতে চুল সাজানোর সময় হানিয়ার কথাবার্তা ও আচরণ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ প্রশ্ন তুলেছে- তিনি কি মাতাল ছিলেন?
তবে অনেকেই আবার মনে করছেন, অভিনেত্রী স্রেফ আনন্দ করছিলেন এবং ভিডিওটির মুহূর্তটি উপভোগ করছিলেন।
ভাইরাল ভিডিওটিতে হানিয়াকে হ্যালোইন উপলক্ষে চুলের স্টাইল করাতে দেখা যায়। নিজের স্বাভাবিক চুল আড়াল করে পরচুলা পরানোর জন্য স্টাইলিস্টকে নির্দেশ দিচ্ছিলেন তিনি। এ সময় আশপাশের লোকজনের সঙ্গে হাসি-ঠাট্টা ও কথাবার্তায় বেশ প্রাণবন্ত ছিলেন অভিনেত্রী।
তবে ভিডিওতে হানিয়ার কথা বলার ধরন নিয়ে নজর পড়ে অনেক দর্শকের। কারও কারও দাবি, তার কথা কিছুটা জড়িয়ে যাচ্ছিল এবং তাকে খানিকটা ঘোরের মধ্যে মনে হচ্ছিল। সেখান থেকেই শুরু হয় নানা জল্পনা।
সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ সরাসরি প্রশ্ন তুলেছে, হানিয়া আমির কি মদ্যপ অবস্থায় ছিলেন? কেউ কেউ আরও গুরুতর অভিযোগও করেছেন। আবার অন্য একটি অংশ এসব অনুমানকে উড়িয়ে দিয়ে বলেছে, ভিডিও দেখে মাদক বা অ্যালকোহল গ্রহণের মতো কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। একজন মন্তব্যকারী লিখেছেন, হানিয়াকে দেখে মনে হচ্ছে তিনি হয়তো ঘুম থেকে উঠে সবে প্রস্তুত হচ্ছেন; ভিডিওতে মাদক বা অ্যালকোহলের কোনো প্রমাণ নেই। আরেকজনের মন্তব্য, মানুষ যেন কেলেঙ্কারি খুঁজতে গিয়ে সাধারণ একটি মজার মুহূর্তকেও বিতর্কে পরিণত করছে।
কেউ আবার অভিনেত্রীর প্রকাশ্য আচরণ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, তারকাদের মনে রাখা উচিত ক্যামেরা এখন প্রায় সব জায়গাতেই থাকে এবং যেকোনো মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।
তবে ভাইরাল হওয়া ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ফলে হানিয়া আমির সত্যিই মদ্যপ ছিলেন কি না, কিংবা ভিডিওতে তার কথাবার্তার কারণ কী তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই।
এ নিয়ে এখন পর্যন্ত হানিয়া আমির বা তার টিমের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। এখন দেখার বিষয়, ভাইরাল ভিডিওকে ঘিরে তৈরি হওয়া এই আলোচনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে!
এনডিটিভি
এসএ/টিএ