কেন গ্রেপ্তার হলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ
ছবি: সংগৃহীত
০২:২১ এএম | ২৬ আগস্ট, ২০২৬
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
পুলিশ জানিয়েছে, একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডের পর তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বিদিশাকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত।
ওই রায়ের পর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সেটি কার্যকর করতে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। মামলায় ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগ আনা হয় বিদিশা এরশাদের বিরুদ্ধে।
মামলার বিবরণী থেকে জানা যায়, বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন মোশাররফ। ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল।
তবে কয়েক বছর পার হয়ে গেলেও ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেন বাদী।
পরে বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়। টাকা ফেরত পাওয়ার চেষ্টা করা হলে হুমকি-ধামকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেন বাদী।
দীর্ঘদিন ধরে মামলাটির বিচারিক কার্যক্রম চলার পর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গত ২০ মে রায় ঘোষণা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম। রায়ে বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওসি দাউদ হোসেন বলেন, একটি প্রতারণা মামলায় উনার ২ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিদিশা এরশাদ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী। এরশাদের সঙ্গে তার বিবাহবিচ্ছেদও হয়েছিল। তাদের সংসারে এক ছেলে রয়েছে।
একেএস/টিএ