© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৪ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
দেশে কোনো মাজার ধ্বংস করা হলে ঘরে বসে থাকবেন না হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ । তিনি বলেন, ‘মাজার, পীর-তরিকার স্থান কেউ ভাঙতে পারবেন না। ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করতে চাই না।’

বুধবার (২৬ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের আয়োজনে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘গত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংস করতে চাওয়া হয়েছিল। মাজারগুলো বন্ধ করে দেয়ার চেষ্টা করা হয়েছিল। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছিলেন। আর যদি কোনো মাজার ধ্বংস করা হয়, তাহলে আমরা আর ঘরে বসে থাকব না।’

তিনি আরও বলেন, ‘পীর-তরিকা আছে, মাজার আছে, কোনো স্থান আছে; সেগুলো আপনারা ভাঙতে পারবেন না। হযরত মুহাম্মদ (সা.) আমাদের দিকনির্দেশনা দেয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।’

মওদুদীবাদ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা মওদুদী আইন বাস্তবায়ন করতে পারবেন না। আপনারা মনে করেছিলেন ক্ষমতায় চলে গেছেন, মন্ত্রিসভাও গঠন করে ফেলেছিলেন। কিন্তু জনগণ আপনাদের সেই আশা পূরণ করতে দেয়নি।’

রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা নবীর তরিকা ধরে ঐক্যবদ্ধ থাকব। রাসুল (সা.)-এর নবুয়তের ১৪ বছর এবং তার নীতি-আদর্শের কথা আমরা শুনছি। মদিনায় যখন ব্যবসায়ীদের সম্পদ চুরি হতো, তখন রাসুল (সা.) সঠিক বিচার করেছিলেন। সে সময় হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল।’

কৃষি ও বিদ্যুৎ খাতের উন্নয়ন প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, যেখানে সারের ডিলার নেই, সেখানে ডিলার নিয়োগ দেয়া হবে। এর মাধ্যমে সারের সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কোনো কৃষককে যেন বেশি দামে সার কিনতে না হয়, সেটিও নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ‘সোলার প্রকল্প নিয়ে এসে বিদ্যুতের চাহিদা পূরণ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার বয়স্ক ভাতার কার্ড, কৃষক কার্ডসহ সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।’

অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদি।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব মোশাররফ হোসেন বাবুল, শিক্ষাদাতা ও খাদেম আইনাল হক, সদস্য সুজন ইসলাম ও জাকিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য সফিকুল ইসলাম। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের নেতাকর্মী ও অনুসারীরা অংশ নেন।

এসএ/টিএ


মন্তব্য করুন