© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন ধারাবাহিকে প্রথমবারের মতো জুটি বাঁধছে মাহিরা-ওয়াহাজ

শেয়ার করুন:
নতুন ধারাবাহিকে প্রথমবারের মতো জুটি বাঁধছে মাহিরা-ওয়াহাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
পাকিস্তানের জনপ্রিয় দুই তারকা মাহিরা খান ও ওয়াহাজ আলী এবার প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নতুন ধারাবাহিক ‘মিট্টি দে বাওয়ে’-তে। অ্যাকশন, প্রেম ও আবেগে ভরা এই সিরিজের ট্রেলার ইতোমধ্যে প্রকাশ করেছে গ্রিন এন্টারটেইনমেন্ট।

সিরিজে মাহিরাকে দেখা যাবে বিল্লো চরিত্রে। অন্যদিকে ওয়াহাজ অভিনয় করেছেন বালা চরিত্রে। ট্রেলার দেখে ধারণা করা যাচ্ছে, তাদের গল্পে প্রেম, বিচ্ছেদ, শত্রুতা ও প্রতিশোধ- সবকিছুরই দেখা মিলবে।

ট্রেলারে দেখা যায়, ১৯৯৮ সালে ১৯ বছর বয়সী বিল্লোর প্রেমে পড়েন বালা। কিন্তু বালার পরিবারের ওপর এমন একটি অভিশাপ রয়েছে, যার কারণে তাদের পরিবারে কারও প্রেম দীর্ঘস্থায়ী হয় না। একপর্যায়ে কোনো এক অপরাধে জেলে যেতে হয় বালাকে।

এরপর গল্পে আসে বড় পরিবর্তন। কয়েক বছর কারাগারে থাকার পর ২০০২ সালে মুক্তি পান বালা। জেল থেকে ফেরার পর তার চেহারা ও ব্যক্তিত্বে ব্যাপক পরিবর্তন দেখা যায়। আগের রোমান্টিক তরুণের বদলে তাকে দেখা যায় কঠোর ও অস্ত্র চালনায় দক্ষ এক ব্যক্তির ভূমিকায়। ট্রেলারের কয়েকটি দৃশ্যে তাকে গুলি চালাতেও দেখা যায়।




অন্যদিকে বিল্লোও ততদিনে বদলে গেছেন। একসময় বালাকে ভালোবাসলেও পরে তার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয় বিল্লোর। বর্তমানে তিনি একটি ধর্মীয় অনুসারী গোষ্ঠীর আধ্যাত্মিক নেত্রী।

ট্রেলারে বিল্লোকে বলতে শোনা যায়, ‘আমি এখন বড় সরকার, আর শুধু আমার সমকক্ষ একজন পুরুষই আমার সঙ্গে মানাবে।’

এরপর বালা ও বিল্লোর পুনর্মিলনের দৃশ্য দেখা যায়। ফলে তাদের সম্পর্ক আবারও প্রেমের দিকে গড়াবে কি না, নাকি পুরোনো সম্পর্ক শত্রুতায় রূপ নেবে তা নিয়েই তৈরি হয়েছে কৌতূহল।

তবে সিরিজটির পুরো গল্প এখনো প্রকাশ করা হয়নি। এমনকি কবে থেকে এটি প্রচার হবে, সেই তারিখও জানায়নি গ্রিন এন্টারটেইনমেন্ট। শুধু জানানো হয়েছে, ‘মিট্টি দে বাওয়ে’ আসছে শিগগিরই।

এসএন 

মন্তব্য করুন