মিস ইন্ডিয়া থেকে বলিউড, বারবার ঘুরে দাঁড়িয়েছেন নেহা
ছবি: সংগৃহীত
০৩:৩৫ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
মিস ইউনিভার্সের মুকুট থেকে বলিউডের বিতর্ক—বারবার ধাক্কা খেলেও থেমে যাননি নেহা ধুপিয়া। আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক আলো-আঁধারিতে ভরা এই অভিনেত্রীর পথচলা।
১৯৮০ সালের ২৭ আগস্ট ভারতের কোচিতে জন্ম নেহার। ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তার মেয়ে হওয়ায় ছোটবেলা কেটেছে শৃঙ্খলাবদ্ধ পরিবেশে। পড়াশোনা করেছেন দিল্লির জেসাস অ্যান্ড মেরি কলেজে।
২০০২ সালে মাত্র ২১ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স’ খেতাব জেতেন নেহা। এরপর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে জায়গা করে নেন সেরা দশে।
মুকুটের পর বলিউডে পা রাখেন। ২০০৩ সালে ‘কায়ামত: সিটি আন্ডার থ্রেট’ দিয়ে শুরু হলেও ২০০৪ সালের ‘জুলি’ তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। সাহসী চরিত্রের কারণে জনপ্রিয়তার পাশাপাশি ‘সেক্স সিম্বল’ তকমাও জোটে তাঁর কপালে।

তবে এই পরিচিতিই পরে হয়ে দাঁড়ায় তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। নির্দিষ্ট ধরনের চরিত্রে আটকে যাওয়ার কারণে নেহা ধীরে ধীরে ভিন্নধর্মী কাজ বেছে নিতে শুরু করেন।
‘মিথ্যা’, ‘ফাস গয়ে রে ওবামা’, ‘হিন্দি মিডিয়াম’ থেকে ‘তুমহারি সুলু’—বিভিন্ন ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণের চেষ্টা করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা, টেলিভিশন এবং ‘নো ফিল্টার নেহা’র মতো অনুষ্ঠানের মাধ্যমে তৈরি করেন নতুন পরিচয়।
তবে বিতর্কও পিছু ছাড়েনি। ‘রোডিজ’-এর একটি মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পরে স্পষ্ট করেন, তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল কোনো পরিস্থিতিতেই নারীর ওপর শারীরিক নির্যাতনকে সমর্থন না করা।
২০১৮ সালে অভিনেতা অঙ্গদ বেদিকে বিয়ে করেন নেহা। এরপর মা হওয়ার পর কাজ কমে যাওয়া এবং শরীর নিয়ে কটাক্ষের অভিজ্ঞতাও তাঁকে সামলাতে হয়েছে।
তবু থামেননি নেহা। বড় পর্দায় কাজের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন। তাই তাঁর ক্যারিয়ারের গল্প শুধু সাফল্যের নয়, বারবার ঘুরে দাঁড়ানোরও।
আজ জন্মদিনে নেহা ধুপিয়াকে রইল শুভেচ্ছা।
এসএন