অনামে মেয়ের ছবি শেয়ার করলেন ‘গাজনি’র সেই অসিন
ছবি: সংগৃহীত
০৮:৩৬ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী অসিন থোট্টুমকল। ব্যক্তিগত জীবনও অনেকটা আড়ালেই রাখেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব একটা নিয়মিত নন। তবে বিশেষ কোনো উপলক্ষে মাঝেমধ্যে মেয়ে আরিনের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। অনাম উপলক্ষে এবার মেয়ের কয়েকটি ছবি প্রকাশ করেছেন অসিন। ছবিতে বাবা রাহুল শর্মার সঙ্গে অনাম উদযাপনে দেখা গেছে আরিনকে।
দীর্ঘদিন পর মেয়ের এমন ছবি প্রকাশ্যে আসায় ভক্তদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি হয়েছে। অসিনের প্রকাশ করা ছবিতে আরিনকে হলুদ ও কমলা রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। পোশাকে ছিল পাফড স্লিভ ও সোনালি নকশার কাজ। চারপাশে ছিল নানা রঙের ফুল।

একটি ছবিতে টেবিলের ওপর রাখা গাঁদা, গোলাপসহ বিভিন্ন ফুল দিয়ে পুক্কালাম সাজাতে দেখা যায় আরিনকে। অনাম উৎসবের এই ফুলের সাজ তৈরির সময় তার পাশে ছিলেন বাবা রাহুল শর্মা। আরেকটি ছবিতে মেয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাহুলকে। বাবা-মেয়ের এই ঘরোয়া মুহূর্তই নজর কেড়েছে ভক্তদের।
অভিনয় থেকে সরে যাওয়ার পর অসিন নিজের পারিবারিক জীবন অনেকটাই ব্যক্তিগত রেখেছেন। খুব কমই প্রকাশ্যে আসেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত ছবি বা ব্যক্তিগত আপডেট দেন না। তার সাম্প্রতিক পোস্টগুলোর বেশিরভাগই মেয়ে আরিনকে ঘিরে। বিশেষ করে মেয়ের জন্মদিনের বিভিন্ন মুহূর্ত মাঝেমধ্যে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
২০২২ সালের অক্টোবরে আরিনের পঞ্চম জন্মদিনের ছবি প্রকাশ করেছিলেন অসিন। পরের বছর মেয়ের ষষ্ঠ জন্মদিন উপলক্ষে প্যারিস থেকে ছবি শেয়ার করেন। সেসব ছবিতে বাবা রাহুল শর্মার সঙ্গেও দেখা যায় আরিনকে। ২০২৪ সালে আরিনের সপ্তম জন্মদিনের ছবিও প্রকাশ করেন অসিন। সেবারের আয়োজনের থিম ছিল ‘বিজি বি’। অনুষ্ঠানে মৌমাছির আদলে সাজসজ্জা, বেলুন এবং বিশেষভাবে তৈরি কেক ছিল। কেকে ছিল বাদ্যযন্ত্র, বই ও বিভিন্ন ভাষার উল্লেখ। এরপর দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অসিনের কাছ থেকে তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। অনাম উপলক্ষে প্রকাশিত এবারের ছবিগুলো তাই বিশেষভাবে নজর কেড়েছে।
অসিন অল্প বয়সেই অভিনয়ে পা রাখেন। তার প্রথম সিনেমা ছিল মালয়ালম ভাষার ‘নরেন্দ্রন মাকান জয়কান্তন ভাকা’। এরপর তামিল ও তেলুগু সিনেমায় নিজের অবস্থান তৈরি করেন তিনি। দক্ষিণ ভারতীয় সিনেমায় সফল হওয়ার পর বলিউডেও নিজের জায়গা করে নেন অসিন। ২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গাজনি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অসিনের। সিনেমাটিতে তিনি কল্পনা চরিত্রে অভিনয় করেন।
কল্পনা ছিলেন প্রাণবন্ত এক মডেল। তিনি সঞ্জয় সিংহানিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের ভান করলেও জানতেন না, সঞ্জয় আসলে একজন ধনী ব্যবসায়ী। সিনেমায় কল্পনার করুণ পরিণতি দর্শকদের আবেগতাড়িত করে। সত্য জানার আগেই তার মৃত্যু হয়। চরিত্রটি এখনো ‘গাজনি’র অন্যতম স্মরণীয় চরিত্র।
‘গাজনি’র পর একাধিক ব্যবসাসফল হিন্দি সিনেমায় অভিনয় করেন অসিন। সালমান খানের সঙ্গে ‘লন্ডন ড্রিমস’-এ অভিনয় করেন তিনি। পরে আবার সালমানের সঙ্গে জুটি বাঁধেন ‘রেডি’ সিনেমায়। ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পায়। এ ছাড়া তার উল্লেখযোগ্য হিন্দি সিনেমার মধ্যে রয়েছে ‘হাউসফুল ২’, ‘বোল বচ্চন’ ও ‘খিলাড়ি ৭৮৬’। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অল ইজ ওয়েল’ ছিল তার সর্বশেষ হিন্দি সিনেমা। তামিল ও তেলুগু সিনেমাতেও সফল ক্যারিয়ার গড়েছিলেন তিনি।
২০১৬ সালের ১৯ জানুয়ারি ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেন অসিন। দিল্লিতে তাদের বিয়েতে খ্রিস্টান ও হিন্দু- দুই রীতিই অনুসরণ করা হয়েছিল। ২০১৭ সালের অক্টোবরে তাদের মেয়ে আরিনের জন্ম হয়। বিয়ে ও সন্তান জন্মের পর ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন অসিন। এরপর থেকে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি জনজীবন থেকেও অনেকটা দূরে রয়েছেন তিনি।
বর্তমানে পর্দায় দেখা না গেলেও মাঝেমধ্যে মেয়ের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন অসিন। অনাম উপলক্ষে আরিনের এবারের ছবিগুলোও সেই বিরল মুহূর্তগুলোরই একটি।
এসএ/টিএ