দ্বিতীয় দিনে আয় কমল যশের ‘টক্সিক’ সিনেমার
ছবি: সংগৃহীত
০৮:৫৩ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছে যশ অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। গীতু মোহানদাস পরিচালিত সিনেমাটি প্রথম দিনে দারুণ ব্যবসা করলেও দ্বিতীয় দিনে আয় অনেকটাই কমেছে। তবে নেতিবাচক রিভিউ, ট্রল ও মিমের মাঝেও বক্স অফিসে লড়াই চালিয়ে যাচ্ছে সিনেমাটি।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দ্বিতীয় দিনে দুপুর ২টা পর্যন্ত ভারতে ৬ কোটি৭৯ লাখ রুপি নেট আয় করেছে ‘টক্সিক’। ভাষাভিত্তিক আয়ে হিন্দি সংস্করণ সবচেয়ে ভালো করছে। এরপর রয়েছে কন্নড় ও তেলুগু সংস্করণ।

এর আগে মুক্তির প্রথম দিনেই বড় চমক দেখায় সিনেমাটি। প্রথম দিনে ভারতে ১০১.১০ কোটি রুপি নেট আয় করে ‘টক্সিক’, আর বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ১৪০ কোটি রুপি। প্রথম দিনে হিন্দি সংস্করণ থেকে আসে ৫৫ কোটি এবং কন্নড় সংস্করণ থেকে ২৩ কোটি রুপি। তবে দ্বিতীয় দিনের আয়ে ‘টক্সিক’ পিছিয়ে পড়েছে ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’-এর তুলনায়। সিনেমাটি দ্বিতীয় দিনে ৮০ কোটি৭২ লাখ রুপি আয় করেছে।
‘টক্সিক’ নিয়ে সমালোচকদের অভিযোগ, সিনেমাটিতে অতিরিক্ত সহিংসতা, যৌন আবেদনময় দৃশ্য এবং আবেগের ঘাটতি রয়েছে। তবুও সপ্তাহান্তে দর্শক বাড়লে সিনেমাটি ব্যবসা আবার গতি পেতে পারে। এখন দেখার বিষয়, প্রথম দিনের সাফল্যের পর ‘টক্সিক’ শেষ পর্যন্ত বক্স অফিসে কতদূর যেতে পারে।
এসএ/টিএ