নেপালের দুর্যোগে ভেঙে পড়েছেন মনীষা
ছবি: সংগৃহীত
০৯:৫৯ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
নেপালের ভয়াবহ বন্যা ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে মর্মাহত অভিনেত্রী মনীষা কৈরালা। নিজের জন্মভূমির এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা ভেবে ভেঙে পড়েছেন তিনি। প্রকৃতির এমন ভয়ংকর রূপ আগে খুব কমই দেখেছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে বিপদের সময়ে সবাইকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
কাঠমান্ডুতে অনুষ্ঠিত এনডিটিভি ওয়ার্ল্ড অন্বীক্ষা সামিটে অংশ নিয়েছিলেন মনীষা। সেখানে এনডিটিভির আদিত্য রাজ কৌলের সঙ্গে আলাপকালে নেপালের সাম্প্রতিক বন্যা ও প্রাণহানি নিয়ে কথা বলেন তিনি।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কথা বলতে গিয়ে মনীষা বলেন, ‘আমার প্রথম ভাবনা সেই মানুষদের নিয়ে, যারা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভুক্তভোগী হয়েছেন। তাদের জন্য প্রার্থনা করছি। আমার মনে হয়, আমাদের সবারই তাদের জন্য প্রার্থনা করা উচিত।’
নেপালের এই পরিস্থিতি তাকে কতটা নাড়া দিয়েছে, তা বোঝা যায় তার পরবর্তী কথায়ও। অভিনেত্রী বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে উঠে যদি একজন মানুষ আরেকজন মানুষের কষ্টের দিকে তাকায়, হৃদয় ভেঙে যায়। এত বিপুল মানুষের দুর্ভোগ দেখা সত্যিই হৃদয়বিদারক।’
হঠাৎ করে এমন ভয়াবহ দুর্যোগ নেমে আসায় বিস্ময় প্রকাশ করেছেন মনীষা। এ সময় তার মনে পড়ে যায় নেপালের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতিও। অভিনেত্রীর ভাষায়, ‘এটা হঠাৎ করে, খুবই আকস্মিকভাবে এসেছে। অনেক বছর আগে নেপালে যে ভূমিকম্প হয়েছিল, সেটিও কীভাবে সবকিছু তছনছ করে দিয়েছিল, আমার মনে আছে।’
বন্যার ধ্বংসযজ্ঞের ছবি ও খবরও তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। মনীষা বলেন, ‘এমন বন্যা বা প্রকৃতির এমন ভয়ংকর রূপ আমরা অনেকেই আগে দেখিনি। আমাদের সবারই প্রার্থনা করা উচিত এবং একই সঙ্গে এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো ও সাহায্য করা উচিত।’
নেপালের সঙ্গে মনীষার সম্পর্ক দীর্ঘদিনের। এই দেশেই জন্মেছেন তিনি। তার দাদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা ছিলেন নেপালের প্রধানমন্ত্রী। ফলে নিজের জন্মভূমির মানুষের এমন দুর্দশার খবরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী।
এদিকে নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও আশপাশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি হয়েছে। নেপাল পুলিশের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত ২৭০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে নেপালের পর্যটন কর্মকর্তা ও পুলিশের বরাতে বলা হয়েছে, নেপাল ও তিব্বতে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক বলে জানা গেছে।
এমন ভয়াবহ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রার্থনার পাশাপাশি মানবিক সহায়তা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মনীষা কৈরালা।
এসএ/টিএ