প্রতি ইউনিট ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
ছবি: সংগৃহীত
০১:৪০ এএম | ২৮ আগস্ট, ২০২৬
ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত ৪২ মেগাওয়াট বিদ্যুৎ চীনা এক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি ইউনিট ২৫ টাকা দরে কিনবে সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রকল্পটি আগামী ১৮ মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। সে হিসাবে ২০২৮ সালের আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
বিদ্যুতের দাম তুলনামূলক বেশি হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্জ্য ঢাকার জন্য বড় বোঝা। পরিবেশগত সুরক্ষার বিষয়টি বিবেচনা করলে এই মূল্য বেশি নয়। তা ছাড়া প্রকল্পে বাংলাদেশ সরকারকে কোনো পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে না।’
বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি বর্জ্য প্রক্রিয়াজাত করার পাশাপাশি জৈব সার তৈরি করবে এবং ল্যান্ডফিল ব্যবহারের জন্য সিটি করপোরেশনকে মাসিক ভাড়া দেবে।
প্রতিমন্ত্রী আরও জানান, আমিনবাজারের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকেও প্রতিদিন ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এর জন্য চীনের প্রতিষ্ঠান ‘পাওয়ার চায়না’র সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।
একেএস/টিএ