নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যাদূরের জেলায় ভেসে গেছে বহু মরদেহ, শনাক্ত ও হস্তান্তর বড় চ্যালেঞ্জ
ছবি: সংগৃহীত
০৯:৩৯ পিএম | ২৮ আগস্ট, ২০২৬
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার তীব্র স্রোতে বহু মরদেহ ভাটি অঞ্চলের দূরের জেলাগুলোতে ভেসে গেছে।
ফলে মৃত ব্যক্তিদের শনাক্ত করা এবং তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৮৬ কিলোমিটার দক্ষিণে চিতওয়ান জেলায় ২২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নওয়ালপরাসি পূর্বে আরও ১৩৪টি মরদেহ পাওয়া গেছে।
চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা গণেশ আর্যল জানান, উদ্ধার করা অনেক মরদেহের অবস্থা ভালো নেই। ফলে এসব মৃতদেহের সঠিক ব্যবস্থাপনা করা স্থানীয় প্রশাসনের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে।
এদিকে স্থানীয় হাসপাতালের মর্গে ধারণক্ষমতা শেষ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অতিরিক্ত মরদেহগুলো নিরাপদে সংরক্ষণের জন্য শেষ পর্যন্ত প্রশাসন একটি বিকল্প সরকারি ভবন নির্ধারণ করতে বাধ্য হয়েছে।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পর নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের আহাজারি এবং মরদেহ শনাক্তকরণের দীর্ঘ প্রক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ব্যবস্থাপনা কার্যক্রম বর্তমানে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে।
সূত্র: বিবিসি
এমআর/টিএ