ডেমরায় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি
ছবি: সংগৃহীত
০১:২৮ এএম | ২৯ আগস্ট, ২০২৬
রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় বিএনপির স্থানীয় নেতা এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলতি বছরে এ নিয়ে ঢাকায় অন্তত ১৪টি গুলির ঘটনা ঘটল। আগের ঘটনাগুলোয় ছয়জন নিহত ও ৯ জন আহত হন।
এস এম রেজা চৌধুরী সেলিম ডেমরা থানা বিএনপির আহ্বায়ক। তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, মাদক নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় এলাকার মাদক ব্যবসায়ীরা আমার ওপর ক্ষিপ্ত। তারা বিভিন্ন সময়ে আমাকে হুমকি দিয়েছে। তাতে পিছপা হইনি। বৃহস্পতিবারও ১২০ পিস ইয়াবাসহ একজনকে ধরিয়ে দেওয়া হয়েছে। এসব কারণেই তারা আমার বাড়িতে হামলা চালিয়েছে বলে ধারণা করছি। তবে গুলি করে ভয় দেখানোর চেষ্টা করে লাভ হবে না। ডেমরায় মাদক ব্যবসায়ীদের স্থান হবে না।
তিনি বলেন, আমি ছিলাম ভবনের তৃতীয় তলায়। দোতলায় থাকেন আমার মা। ভোর ৪টার দিকে চারটি মোটরসাইকেলে আসা আট থেকে ৯ জন মায়ের ঘরের জানালা লক্ষ্য করে গুলি চালায়। আমার স্বজনরা বারান্দায় গিয়ে হামলাকারীদের দেখতে পায়। তবে হেলমেট পরা থাকায় তাদের মুখ দেখা যায়নি। স্থানীয় মাদক কারবারি যুবলীগ নেতা তাপস ও ফরিদ এই হামলায় জড়িত বলে আমার ধারণা। তাদের সঙ্গে আছেন স্থানীয় ছাত্রদলের এক নেতা। হামলার ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলেও জানান তিনি।
ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সেখান থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।
চলতি বছরে ঢাকায় আরও অন্তত ১৩টি গুলির ঘটনা ঘটে। এর মধ্যে ৭ আগস্ট বিকেলে মিরপুর ১১ নম্বর সেকশনের বি-ব্লকে বিএনপি নেতা ও ব্যবসায়ী আলমগীর হোসেনের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনিসহ দুজন আহত হন। এর দুই সপ্তাহ আগে ২৪ জুলাই রাতে কাফরুলে আরেকটি হামলায় নিহত হন ইউসুফ বেপারী নামে যুবদল কর্মী। গুলিবিদ্ধ হন আরও দুজন। এর আগে ১৯ মে চাঁদা না দেওয়ায় মতিঝিলে পশুর হাটের ইজারাদারের অফিসে গুলি চালানো হয়। একই কারণে ১৪ জানুয়ারি বাড্ডায় নির্মাণাধীন একটি ভবনে গুলি ছোড়া হয়।
এর বাইরে আরও ২০ জেলায় ১১০টি গুলির ঘটনা ঘটে। এর মধ্যে সর্বাধিক ৩৭টি ঘটে খুলনায়। খুলনার পর সবচেয়ে বেশি গুলি হয়েছে চট্টগ্রামে, ২৮টি। তৃতীয় স্থানে আছে ঢাকা।
আরআই/টিএ