বউয়ের বকুনি থেকে বাঁচতে আগেই সতর্ক থাকেন অমিতাভ
ছবি: সংগৃহীত
১২:২৭ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
স্ত্রীর বকুনি থেকে রেহাই পেতে আগেভাগেই সতর্ক থাকেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। শুটিংয়ের কারণে বাড়ি ফিরতে দেরি হলে পরিবারের সদস্যদের আগে থেকেই জানিয়ে দেন তিনি। এমনকি এ জন্য পরিবারের সদস্যদের নিয়ে তৈরি করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও।
জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র এক পর্বে নিজের পারিবারিক জীবনের এমন মজার অভিজ্ঞতার কথা জানান অমিতাভ।
শোয়ের এক প্রতিযোগী তাকে প্রশ্ন করেন, শুটিং শেষে বাড়ি ফিরতে দেরি হলে স্ত্রী জয়া বচ্চন তাকে বকাঝকা করেন কি না। জবাবে অমিতাভ জানান, দেরি হবে বুঝতে পারলেই তিনি পরিবারের সবাইকে বিষয়টি জানিয়ে দেন।
অমিতাভের ভাষায়, ‘আমি জানি কী হতে পারে। তাই পরিবারের সদস্যদের নিয়ে তৈরি গ্রুপে একটা মেসেজ পাঠিয়ে দিই। হাত জোড় করে তাতে লিখে দিই, শুটিং চলছে এবং ফিরতে একটু দেরি হবে। যেন আমার জন্য রাতের বেলা কেউ খাবার নিয়ে বসে না থাকে। সবাইকে আগে জানিয়ে রাখাই বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়।’

জয়াকে আগে থেকে না জানালে কী হতে পারে, সেটিও মজার ছলে জানান অমিতাভ। তিনি বলেন, ‘জয়াকে যদি আগে থেকে না জানাই, তাহলে নিশ্চিত বকুনি খেতে হবে। জিজ্ঞেস করবে, কোথায় ছিলে? আমাদের জানালে না কেন? এটা কি বাড়ি ফেরার কোনো সময়?’
তবে বেশি রাত হলে পরিস্থিতি কিছুটা সহজ হয়ে যায় বলেও জানান তিনি। অমিতাভের কথায়, খুব বেশি দেরি করলে জয়া আর জেগে থাকেন না। নিজের মতো খেয়ে ঘুমিয়ে পড়েন।
আড্ডার একপর্যায়ে নিজের ঘর-সংসারের আরও কিছু অভিজ্ঞতা শেয়ার করেন অমিতাভ। জানান, বাড়িতে কাজের বুয়া না থাকলে অনেক সময় ঘরের বিভিন্ন কাজ তাকেই সামলাতে হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে টুকিটাকি কাজ করেন নিজেই।
তবে রান্নাঘরে তার দক্ষতা নেই বলেই জানান এই অভিনেতা। অমিতাভ বলেন, রান্না করতে তিনি জানেন না। তাই কখনও বাইরে থেকে খাবার আনিয়ে নেন। আবার কখনও জয়ার কাছে গিয়ে হাতজোড় করে অনুরোধ করেন, ‘দেবীজি, একটু কিছু বানিয়ে দাও।’
দীর্ঘ দাম্পত্য জীবনের এমন হাস্যরসাত্মক গল্পে ফের উঠে এসেছে অমিতাভ ও জয়া বচ্চনের সম্পর্কের এক ঘরোয়া দিক। পর্দার বাইরে তারকা দম্পতির এই খুনসুটিই যেন তাদের দীর্ঘ পথচলাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
এসএ/এসএন