অপরিচিত ফোন কল থেকে প্রেম, এরপর ২০ বছরের পথচলা চঞ্চল-শান্তার
ছবি: সংগৃহীত
১২:৪৩ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে দাম্পত্য জীবনের দুই দশক পূর্ণ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিকিৎসক শান্তা চৌধুরী। গতকাল ছিল তাঁদের ২০তম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে স্মৃতিকাতর হয়ে নিজেদের ভালোবাসার গল্প সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন চঞ্চল।
বাটন ফোনের যুগে গভীর রাতে একটি অপরিচিত ফোন কল থেকেই তাঁদের পরিচয়। এক তরুণী ফোন করে জানিয়েছিলেন, চঞ্চলের অভিনয় তাঁর ভালো লাগে। সেই ফোনালাপই ধীরে ধীরে সম্পর্কের দিকে গড়ায়।
সামাজিক মাধ্যমে দেওয়া দীর্ঘ পোস্টে চঞ্চল লিখেছেন, ‘বাটন ফোনের যুগে গভীর রাতে হঠাৎ একটা মেয়ে ফোন করে বলল, “আপনার অভিনয় আমার ভাল্লাগে”।’ তাঁর মনে হয়েছিল, শুধু অভিনয় নয়, তাঁকেও হয়তো মেয়েটির ভালো লেগেছিল।
এরপর প্রায় এক মাস মোবাইল ফোনে তাঁদের কথাবার্তা হয়। সামনাসামনি দেখা করার আগেই ফোনে তাঁরা বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেন। চঞ্চল লিখেছেন, ‘সে রাজি থাকলে আমরা বিয়ে করতে পারি।’

সে সময় পারিবারিক পরিস্থিতির কথাও স্মরণ করেছেন চঞ্চল। বাবা-মা ও ভাই-বোনের কাছে তিনি একধরনের ‘পুত্রদায়গ্রস্ত’ হয়ে পড়েছিলেন। তাই তাঁর বিয়ের সিদ্ধান্তে পরিবারের সবাই খুশি হয়েছিলেন।
তবে শান্তার পরিবারের দিক থেকে কিছুটা জটিলতা ছিল। পরিবারের কেউ কেউ এই সম্পর্কের ঘোর বিরোধিতা করেছিলেন। আবার কেউ ছিলেন প্রায় রাজি। শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন চঞ্চল ও শান্তা।
প্রথম দফায় আইনিভাবে বিয়ে করেন তাঁরা। পরে ধর্মীয় অনুশাসন মেনে দ্বিতীয় দফায় বিয়ে সম্পন্ন হয়।
দুই দশক কীভাবে কেটে গেল, তা এখনো বিশ্বাস করতে পারেন না চঞ্চল। নিজের দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘কখনও ভাবিনি আমার মতো একজন বাউন্ডেলের সঙ্গে ভদ্রমহিলা এতদিন সংসার করবে।’
এই সংসার টিকে থাকার প্রধান কারণ হিসেবে একমাত্র সন্তান শুদ্ধের কথা উল্লেখ করেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘টিকে থাকার প্রধান কারণ আমাদের মাঝখানে আমাদের একমাত্র সন্তান শুদ্ধ।’
নিজের জীবনে খুব বেশি প্রত্যাশা নেই বলেও জানিয়েছেন চঞ্চল। তবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে স্ত্রী ও সন্তানের জন্য প্রার্থনা চেয়েছেন তিনি।
পোস্টের শেষ দিকে চঞ্চল লিখেছেন, ‘আমার জন্য কম প্রার্থনা করলেও, বউ-ছেলের জন্য সবাই দোয়া করবেন।’ এরপর তিনি জানান, সৃষ্টিকর্তার আশীর্বাদে তাঁরা ভালো আছেন। নিজের ঘর ও দেশের প্রতি ভালোবাসার কথাও জানিয়েছেন এই অভিনেতা।
চঞ্চলকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে গত কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়।
এদিকে মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে নির্মিত ‘পদাতিক’ সিনেমা ২৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
এসএন