সংগীতজগতে হৃতিকপুত্র হৃহানের অভিষেক
ছবি: সংগৃহীত
০১:২৭ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
বলিউড অভিনেতা হৃতিক রোশন ও সুজান খানের বড় ছেলে হৃহান রোশন আনুষ্ঠানিকভাবে পা রাখলেন মিউজিক জগতে। ২০ বছর বয়সী এই উদীয়মান শিল্পী তার প্রথম একক গান ‘দ্য হেভেনলি প্লেস’ ইউটিউব, স্পটিফাই ও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন।

গানটিতে নিজেই কণ্ঠ দেওয়ার পাশাপাশি গিটার বাজিয়েছেন তিনি। হৃহানের এই নতুন পথচলায় পুরো রোশন পরিবার উচ্ছ্বাস প্রকাশ করেছে। ছেলের গান ইনস্টাগ্রামে শেয়ার করে হৃতিক রোশন লিখেন, ‘তুমি সহজাত প্রজ্ঞা নিয়ে জন্মেছ, যা আমাকে নির্ভীক করে তোলে।’ অন্যদিকে সুজান খান ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশনও সামাজিক মাধ্যমে নিজেদের গর্বের কথা জানান।

পরিবারের পাশাপাশি হৃতিকের সঙ্গী সাবা আজাদ এবং সুজানের সঙ্গী আরসালান গোনি গানটির প্রশংসা করেছেন। হৃতিকের বোন সুনয়না রোশন, হৃহানের কঠোর পরিশ্রমের প্রশংসা করে এক বার্তায় লিখেন, ‘তোমার গানটি অসাধারণের চেয়েও বেশি কিছু, তোমার কণ্ঠই অনেক কিছু বলে দেয়।’
উল্লেখযোগ্য যে রোশন পরিবারের বহু পুরনো ঐতিহ্য হচ্ছে সংগীত। হিন্দি সিনেমায় প্রখ্যাত সংগীত পরিচালক রাজেশ রোশনের সুর এই পরিবারের ভিত্তিকে শক্তিশালী করেছে।
এবার হৃহানের হাত ধরে সেই পারিবারিক ঐতিহ্যের নতুন অধ্যায় শুরু হলো।
এসএ/এসএন