মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
ছবি: সংগৃহীত
০১:৩৪ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
পটুয়াখালীতে মসজিদের ভেতরের একটি কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি বায়তুল মামুর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. সায়েম (২০) পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ছোট জামুরা এলাকার মৃত জব্বার মৃধার ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মসজিদের দরজা খোলা দেখতে পান এক মুসল্লি। পরে তিনি ভেতরে ঢুকে ইমাম ও মুয়াজ্জিনদের থাকার জন্য নির্ধারিত কক্ষে যান। সেখানে খাটের ওপর সায়েমকে পড়ে থাকতে দেখেন তিনি।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা সেখানে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মসজিদের ওই কক্ষের ফ্যানের হুকের সঙ্গে একটি দড়ি লাগানো অবস্থায় পাওয়া গেছে। একইসঙ্গে সায়েমের গলায় দাগও দেখা গেছে। এসব বিষয় সামনে রেখে তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সায়েমের মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এসএন