© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪৭তম জন্মদিনে অ্যারন পলের মৃত্যুর গুজব, পরে মিলল ভিন্ন তথ্য

শেয়ার করুন:
৪৭তম জন্মদিনে অ্যারন পলের মৃত্যুর গুজব, পরে মিলল ভিন্ন তথ্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩১ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
‘ব্রেকিং ব্যাড’খ্যাত মার্কিন অভিনেতা অ্যারন পলের ৪৭তম জন্মদিন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। তবে পরে জানা যায়, অভিনেতার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।

গত ২৭ আগস্ট ছিল অ্যারন পলের জন্মদিন। এ উপলক্ষে ভক্ত ও পরিচিতজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। তবে কয়েকটি পোস্টের ধরন ও উপস্থাপন এমন ছিল, যা সাধারণত কোনো তারকার মৃত্যুর পর শ্রদ্ধা জানাতে দেখা যায়। এ কারণেই অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

এর সঙ্গে যুক্ত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যারন পলের দীর্ঘ অনুপস্থিতি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট দিয়েছিলেন তিনি। তখন নিজের কাজের জন্য নতুন অনুপ্রেরণা খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা।

ফলে দীর্ঘদিন তার নতুন কোনো পোস্ট না থাকায় জন্মদিনের বিভ্রান্তিকর বার্তাগুলো দেখে অনেকে মৃত্যুর গুজবকে সত্য বলে ধরে নেন। পরে ভক্তদের বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয় যে, অ্যারন পল জীবিত আছেন এবং মৃত্যুর খবরটি নিছক গুজব।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে মন্তব্য করেননি অভিনেতা। জন্মদিন উপলক্ষে ব্যবহৃত কিছু পোস্টের ধরনই মূলত এই ভুল বোঝাবুঝির কারণ বলে জানা গেছে।

অ্যারন পলকে সর্বশেষ ‘অ্যাশ’ সিনেমায় দেখা গেছে। ২০২৫ সালের ২১ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সামনে ‘ফলআউট’ সিরিজের তৃতীয় মৌসুমসহ আরও কয়েকটি কাজে দেখা যেতে পারে তাকে।

আরআই/টিএ

মন্তব্য করুন