© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউক্রেনের গুদামে রুশ হামলা, নিহত ২৭

শেয়ার করুন:
ইউক্রেনের গুদামে রুশ হামলা, নিহত ২৭

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রুশ হামলার পর আগুন ও ধারাবাহিক বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আঞ্চলিক গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, বুচা জেলায় রুশ ড্রোন হামলার ঘটনায় আরও ৪২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার শিশু রয়েছে।

শনিবার ভোরেও ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছিল। ওই গুদামে গোলাবারুদ সংরক্ষণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

তাকাচেঙ্কো জানান, বোরিসপিল জেলায় পৃথক একটি হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলার কথা জানিয়েছেন।

গুদামে হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। তিনি জানান, ঘটনাস্থলে ৩০০ জনের বেশি জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছে।

গুদামে গোলাবারুদ রাখা হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। জেলেনস্কি বলেন, আবাসিক ভবন বা বাড়িঘরের কাছে গোলাবারুদ সংরক্ষণ করা যাবে না। এ ঘটনায় সম্ভাব্য অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ ও রোস্তভ অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের হামলায় দুজন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কিয়েভ অঞ্চলের একটি গ্রামের গোলাবারুদ গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, সেখানে দূরপাল্লার চালকবিহীন আকাশযানের বিভিন্ন উপাদান ও উৎক্ষেপণ বুস্টার সংরক্ষণ করা ছিল।

সূত্র: বিবিসি

এফআর/এসএন

মন্তব্য করুন