© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাহিদার চেয়ে ৪ মাসের অতিরিক্ত সার মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

শেয়ার করুন:
চাহিদার চেয়ে ৪ মাসের অতিরিক্ত সার মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
দেশে সারের কোনো সংকট নেই এবং চাহিদার তুলনায় আগামী চার মাসের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত সার মজুত রাখা হয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও দুষ্কৃতকারী মিলে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে; তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (কনফারেন্স রুম) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে স্থানীয় পেঁয়াজ ও পাট চাষিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ফরিদপুর পেঁয়াজ উৎপাদন করে দেশীয় চাহিদার ২৫ শতাংশ পূরণ করে। আমরা পেঁয়াজ চাষিদের জন্য ‘‘এয়ার ফ্লো মেশিন’’ দিয়েছি, যা দিয়ে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হবে। এছাড়া আগামী মৌসুমের আগেই আরও অনেক চাষিকে এই এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ফরিদপুর পাট উৎপাদনের জন্য বিখ্যাত। পাটের সঠিক মূল্য যেন চাষিরা পান, সে বিষয়ে সরকার কাজ করছে। এছাড়া বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালুর জন্য সরকার উদ্যোগ নিয়েছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা এবং ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহানগর কৃষক দলের সভাপতি মামুন অর রশিদ মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় চাষিরা।

এফআর/এসএন

মন্তব্য করুন