‘ডেজ অব থান্ডার’-এর পরবর্তী পর্বে জুটি বাঁধছেন টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়ে
ছবি: সংগৃহীত
০৯:৪৬ এএম | ৩০ আগস্ট, ২০২৬
রেসিং ঘরানার জনপ্রিয় ছবি ‘ডেজ অব থান্ডার’-এর পরবর্তী পর্বে টম ক্রুজের বিপরীতে দেখা যাবে হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়েকে। বিনোদনভিত্তিক মাধ্যম ভ্যারাইটি এ খবর নিশ্চিত করেছে।
প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, ১৯৮০-র দশকে টনি স্কট পরিচালিত মূল ছবিটি মুক্তির প্রায় ৪০ বছর পর, ২০২৮ সালের ২ জুন ছবিটির সিক্যুয়েল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সিনেমাটিতে টম ক্রুজ লড়াকু ড্রাইভার কোল ট্রিকলের ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে এক রেসকার দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে। শনিবার (২৯ আগস্ট) টম ক্রুজ একটি নাসকার ট্র্যাকে হ্যাথাওয়ের সঙ্গে তোলা ছবির মাধ্যমে সহ-অভিনেত্রীর কাস্টিং উদযাপন করেন।
জোনাথন লেভিনের পরিচালনায় নির্মিত এই সিক্যুয়েলটি বিশেষভাবে আইম্যাক্স ক্যামেরায় চিত্রায়িত হবে এবং কেবল প্রেক্ষাগৃহে ডলবি সিনেমা ও ৪-ডিএক্স ফরম্যাটে প্রদর্শিত হবে। ছবিটি প্রযোজনা করছেন টম ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার।
‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির কাজ শেষ করার পর ক্রুজের এটিই প্রথম বড় কাজ। এ ছাড়া তিনি নতুন ‘টপ গান’ এবং আলেহান্দ্রো ইনারিতুর ‘ডিগার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
অন্যদিকে, ২০২৬ সালে অ্যান হ্যাথাওয়ে একাধিক বড় প্রজেক্টে অভিনয় করছেন। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ও ‘ভেরিটি’সহ বেশ কয়েকটি সিনেমার পাশাপাশি তিনি ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’-এর তৃতীয় পর্ব নিয়েও কাজ শুরু করেছেন।
এসএ/এসএন