বিমান হাইজ্যাক করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে যাত্রা, ঠেকাতে আকাশে যুদ্ধবিমান মোতায়েন
ছবি: সংগৃহীত
০২:২৯ এএম | ৩১ আগস্ট, ২০২৬
হাঙ্গেরিতে একটি চেসনা ১৭২ বিমান হাইজ্যাক করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছিলেন এক পাইলট। বিষয়টি রাডারে শনাক্ত হওয়ার পরপরই সেটিকে ঠেকাতে তৎক্ষণাৎ দেশটির কয়েকটি গ্রিপেন যুদ্ধবিমান আকাশে উড্ডয়ন করে। হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী রোমুলাস রুসিন-সেন্ডি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডেইলি নিউজ হাঙ্গেরির।
জানা যায়, গত ২৯ আগস্ট কালোচ শহর থেকে বিমানটি উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই হাঙ্গেরীয় সশস্ত্র বাহিনী রাডারে তা শনাক্ত করে। পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারপাশে ৩ কিলোমিটার ব্যাসার্ধ এবং ৬ হাজার মিটার উচ্চতা পর্যন্ত নো-ফ্লাই জোন বা বিমান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। স্থাপনাটির দিকে বিমানটিকে অগ্রসর হতে দেখে অবিলম্বে গ্রিপেন যুদ্ধবিমানগুলো উড্ডয়ন করে।
প্রতিরক্ষামন্ত্রী জানান, হাইজ্যাক হওয়া বিমানটি পরে জেরিয়েন গ্রামের কাছে জরুরি অবতরণ করে। যুদ্ধবিমানগুলো এ সময় আকাশে টহল অব্যাহত রাখে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
জানা গেছে, হাঙ্গেরির এক পাইলট চেসনা বিমানটি হাইজ্যাক করেছিলেন। ঘটনার সময় মানসিকভাবে অসংলগ্ন বা অস্বাভাবিক অবস্থায় ছিলেন তিনি। ‘গাজেটা ডট রু’-র বিবরণ অনুযায়ী, বিমানটি একটি মাঠে অবতরণ করার সময় ক্ষতিগ্রস্ত হয়। এর ল্যান্ডিং গিয়ার ভেঙে যায় এবং ডানাও ভেঙে পড়ে।
ওই পাইলট মারাত্মক নেশাগ্রস্ত অবস্থায় বিমানটি হাইজ্যাক করেছিলেন বলে জানায় হাঙ্গেরির সংবাদমাধ্যম এটিভি। জরুরি অবতরণের পর ঘটনাস্থল থেকে পালানোর জন্য একটি গাড়ি চুরির চেষ্টাও চালান তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশ সদস্যদের হাতে আটক হন।
একেএস/টিএ