জর্ডানে ২ মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ছবি: সংগৃহীত
০৮:৪৬ এএম | ৩১ আগস্ট, ২০২৬
ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার পর পাল্টা আঘাত হানা শুরু করেছে তেহরান। জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য ইরানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভি ও রয়টার্সের। এ ছাড়া হরমুজ প্রণালিতে মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট জাহাজগুলোকেও নিশানা বানানো হচ্ছে।
মার্কিন হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এক এক্স পোস্টে লিখেছেন, ‘আবারও আমাদের ইচ্ছাশক্তির পরীক্ষা নেয়ার চেষ্টা করা হয়েছে, এবারে তোমাদের আরও চড়া মূল্য দিতে হবে। পাল্টা আঘাত আসছে। পালাও!’
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, লারাক দ্বীপে মার্কিন হামলায় বেশ কয়েকজন ইরানি সেনা নিহত ও আহত হয়েছেন। ‘ইরানের সন্তানরা’ এই হামলার জবাব দেবে উল্লেখ করে আইআরজিসি বলেছে, ‘আগ্রাসনকারীকে কঠোর শাস্তি ভোগ করতে হবে’।
আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালির দিকে রকেট নিক্ষেপের জন্য প্রস্তুত করা কিছু লঞ্চারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা ধারণা করেছিলেন, এর মধ্য দিয়ে হয়ত সামরিক সংঘাতের ইতি ঘটতে চলেছে।
তবে তাদের ভুল প্রমাণ করে দিয়ে রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে ফের ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর তেহরানের পাল্টা আঘাত শুরুর পর নতুন করে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
কেএন/এসএন