‘সুবিচারের প্রতিশ্রুতিতে’ নারীকে নিয়ে আবাসিক হোটেলে সিকান্দার আলী
ছবি: সংগৃহীত
০২:৫৯ পিএম | ৩১ আগস্ট, ২০২৬
পারিবারিক বিরোধ মীমাংসা করে দেওয়ার কথা বলে এক নারীকে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিকান্দার আলীর বিরুদ্ধে।
সিকান্দার আলী রুহুলার ডেইল কেন্দ্রীয় মসজিদের সমাজ কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। অভিযোগটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার পর খুরুশকুল এলাকায় এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের একাংশও অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সত্যতা প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী নারী ও তার স্বামীর অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য তারা সিকান্দার আলীর কাছে যান। স্থানীয় বিএনপি নেতা ও সমাজ কমিটির সভাপতি হিসেবে প্রভাব থাকায় সিকান্দার আলী ওই বিরোধ মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন।
অভিযোগ অনুযায়ী, পারিবারিক বিরোধের মীমাংসা করে দেওয়ার কথা বলে সিকান্দার আলী ওই নারীকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার ‘ঢাকা হোটেল’ নামের একটি আবাসিক হোটেলে যেতে বলেন। নির্ধারিত সময়ে সেখানে যাওয়ার পর তিনি ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা চলছে।
তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সিকান্দার আলী। তার দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।
অভিযোগের বিষয়ে রুহুলার ডেইল কেন্দ্রীয় মসজিদের সমাজ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল খায়ের বলেন, ওই নারীর স্বামী তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে। আরও তদন্ত চলছে। তদন্ত শেষে সমাজের সবাইকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, ঘটনাটি তারা মৌখিকভাবে শুনেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিযোগটি দেখেছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এবং এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হলে সিকান্দার আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে থানায় কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এফআর/এসএন