© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী

শেয়ার করুন:
চরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৮ পিএম | ৩১ আগস্ট, ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, স্বৈরাচারের দোসররা নিজেদের চরিত্র পরিবর্তন করতে না পারলে তাদের আর চাকরি করার দরকার নেই।

সোমবার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সুশাসন নিশ্চিতকরণ-সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ফ্যাসিস্ট আমলে যা হয়েছে, তা আমরা জানি। ফ্যাসিবাদের দোসররা যদি তাদের চরিত্র পরিবর্তন করতে না পারে, তবে তাদের আর চাকরি করার দরকার নেই।

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা একসঙ্গে কাজ না করলে উন্নয়ন সম্ভব নয়। অতীতের ভুল পেছনে ফেলে নতুন করে কাজ শুরু করতে হবে। বিগত ২০ বছরে যে ক্ষতি হয়েছে, আগামী পাঁচ বছরে তা পূরণ করতে হবে। আমরা আর পেছনে তাকাতে চাই না।

সভায় মাদক, জুয়া ও ধর্ষণের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মাদকের বিস্তাররোধে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হবে। জামিনে গিয়ে অপরাধীরা যেন পার না পায়, সে বিষয়ে আজ বিকেলেই মন্ত্রিসভার বৈঠকে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

সভায় ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পিপিপি মডেলে প্রশস্তকরণ, শম্ভুগঞ্জ বাজারের সার গুদাম মেরামত, বিভাগীয় শহরের সড়ক সম্প্রসারণ এবং ময়মনসিংহে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া চলতি বছরের মধ্যেই অত্যন্ত স্বল্প খরচে তিন লাখ যুবকের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে অসচ্ছল পরিবারের ১০ হাজার যুবককে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলেও সভায় জানানো হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন প্রমুখ।

সমন্বয় সভা শেষে মন্ত্রী সম্মেলন কক্ষে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারের উন্নয়ন ও সুশাসন কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

আরআই/টিএ

মন্তব্য করুন