© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ঢাকার ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই

শেয়ার করুন:
এবার ঢাকার ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ পিএম | ৩১ আগস্ট, ২০২৬
রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। পরে স্থানীয়দের সহায়তায় পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল (৪১) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ধানমন্ডি থানা পুলিশ জুয়েলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একই চক্রের সঙ্গে জড়িত আরও দুজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এক কলার জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে জানান, এক ব্যক্তি ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এরপর ভুক্তভোগী ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে এক ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়লে স্থানীয় লোকজন তাকে পিস্তলসহ আটক করে।

খবর পেয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মজিবুর রহমান কলটি গ্রহণ করেন। পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

পরে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েলকে আটক করে।

পুলিশ জানায়, জুয়েলকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধানমন্ডি থানার আরও কয়েকটি টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথ অভিযান চালিয়ে একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরও দুজনকে আটক করেছে।

এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং ছিনতাই হওয়া ৩৯ লাখ টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।


আরআই/টিএ

মন্তব্য করুন