ফিরছে 'বোহেমিয়ান ঘোড়া' , গল্পে এবার নতুন মোড়
ছবি: সংগৃহীত
১০:০৯ পিএম | ৩১ আগস্ট, ২০২৬
দেড় বছর আগের সেই সাত পর্বের অম্লমধুর অভিজ্ঞতা আর অদ্ভুত চাকা ঘোরার গল্প মনে আছে? ট্রাকচালক আব্বাসের অদ্ভুত জীবনকাহিনি নিয়ে নির্মিত ‘বোহেমিয়ান ঘোড়া’ দর্শকমহলে তৈরি করেছিল তুমুল আলোড়ন। এবার সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় ফিরছে এর দ্বিতীয় কিস্তি- ‘বোহেমিয়ান ঘোড়া ২’।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই লাইট-ক্যামেরা-অ্যাকশনে গড়াবে সিরিজটির নতুন পর্বের শুটিং। এবারের কিস্তিতে দর্শকরা পাবেন এক নতুন আবহ। সিরিজটির মূল পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে যৌথভাবে পরিচালকের আসনে বসছেন তার স্ত্রী ও চলচ্চিত্র নির্মাতা মুশফিকা মাসুদ। বর্তমানে সিরিজটির অভিনয়শিল্পীদের শিডিউল মেলানোর পর্ব চলছে।

আব্বাস চরিত্রে মোশাররফ করিমের অভিনয় প্রথম পর্বে ব্যাপক প্রশংসিত হয়েছিল। দ্বিতীয় পর্বেও তার উপস্থিতির পাশাপাশি আগের কিস্তির রোবেনা রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিনদের অনেকেই ফিরছেন।
তবে গল্পের স্বার্থে নতুন কয়েকটি মুখ যুক্ত হতে পারে এবং কাস্টিংয়ে আসতে পারে কিছুটা পরিবর্তন। ট্রাকচালকের বিচিত্র সম্পর্ক ও জীবনের নানা নাটকিয়তা নিয়ে নির্মিত প্রথম সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে বেশ সাড়া ফেলেছিল। এবার নতুন যৌথ পরিচালনা এবং পরিবর্তিত কাস্টিং নিয়ে দ্বিতীয় কিস্তি কতটা নতুনত্ব উপহার দেয়, সেদিকেই তাকিয়ে অনুরাগী ও বিনোদনপ্রেমীরা।
এসএ/টিএ