ডিবির অভিযানে গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৭:৩৮ এএম | ০১ সেপ্টেম্বর, ২০২৬
গাইবান্ধায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভিএইড রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত বকশি সূর্য। এছাড়া তিনি সাবেক ৫নং ওয়ার্ড কাউন্সিল ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি গাইবান্ধা সদর উপজেলার পৌরসভার মাস্টারপাড়া এলাকার মৃত রবিন্দ্র বকশির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত বকশি সূর্যকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদর উপজেলার পৌরসভা এলাকার ভিএইড রোড থেকে রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করে।
এরপর জেলা ডিবি পুলিশ সদর থানায় এই নেতাকে হস্তান্তর করে। বর্তমানে সদর থানার হেফাজতে আছে এই নেতা।
এদিকে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালিব সরকার কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভিএইড রোড এলাকা থেকে এই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা কালবেলাকে বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নি-সংযোগ মামলার একজন আসামি।
তিনি আরও বলেন, বর্তমানে তিনি সদর থানার পুলিশি হেফাজতে রয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এফআর/এসএন