বিএনপির র্যালিতে লাইনে আগে দাঁড়ানো নিয়ে হাতাহাতি
ছবি: সংগৃহীত
০৬:০৯ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের হয়ে চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে পৌঁছানোর পর এ হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ানের নেতৃত্বে একটি গ্রুপকে মহানগর বিএনপির সদস্য শাহীন আহম্মেদকে মারধর করতে দেখা গেছে।
হাতাহাতির একপর্যায়ে সামনে উপস্থিত থাকা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শাহীন আহম্মেদকে ছাড়িয়ে নিয়ে পরিস্থিতি শান্ত করেন।
তবে এ ব্যাপারে শাহীন আহম্মেদ জানান, মারামারির কোনো ঘটনা ঘটেনি। মিছিলে নেতাকর্মীদের সামনের সারিতে দাঁড়ানোর ধাক্কাধাক্কি নিয়ন্ত্রণ করতে গিয়ে একটু হট্টগোল হয়েছে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহানগর বিএনপির সদস্য শাহীন আহম্মেদকে এক গ্রুপ কিলঘুষি মারা সহ তার পরনের গেঞ্জি টানতেও দেখা গেছে।
আরআই/টিএ