ল্যাবএইডের ৬ তলা থেকে লাফিয়ে করোনাক্রান্ত বিদেশি নাগরিকের মৃত্যু
রাজধানী ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের ষষ্ঠ তলা থেকে লাফিয়ে পড়ে মিখাইল স্টেলমাখ (২৯) নামের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি বেলারুশের নাগরিক। পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন তিনি।
রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের ষষ্ঠ তলা থেকে লাফিয়ে পড়ে মিখাইল স্টেলমাখ (২৯) নামের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি বেলারুশের নাগরিক। পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন তিনি।
সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার এসআই মো. রায়হানুল করিম।
রায়হানুল করিম জানান, গত মাসে মিখাইল স্টেলমাখের করোনা পজিটিভ শনাক্ত হলে সহকর্মীরা তাকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের ষষ্ঠ তলায় ভর্তি ছিলেন তিনি। সাত-আটবার তার করোনা পরীক্ষা করা হয়। একবার পজিটিভ আসে, আবার নেগেটিভ, আবার পজিটিভ আসে। এ কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে ষষ্ঠ তলায় বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে জানালা দিয়ে তিনি লাফিয়ে নিচে পড়েন বলে প্রাথমিক তদন্তে জানা যায়। এতে গুরুতর আহত হলে তাকে ল্যাবএইড হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
টাইমস/এইচইউ