© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ নিহত ৩

শেয়ার করুন:
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ এএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
জামালপুরে বসতঘরের বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পৌরসভার পুরাতন রেললাইন এলাকায় ও মেলান্দহের কোনামালঞ্চ গ্রামে এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- দেওয়ানগঞ্জ পৌর এলাকার আব্দুর রশিদের স্ত্রী লাকী আক্তার (৪০) এবং তার ছেলে রাজু আহমেদ (১৪)। এ ঘটনায় রাজু আহমেদের দাদি বুলি বেগম (৬০) আহত হয়েছেন।

অন্যদিকে মেলান্দহের কোনামালঞ্চ এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জুনাইদ (১৫) নামে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত জুনাইদ হাজরাবাড়ী এলাকার সোলাইমান ইসলাম কাজলের ছেলে ও কোনামালঞ্চ আমেনা দাখিল মাদরাসা দশম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পুরাতন রেললাইন এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকে আব্দুর রশিদের বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। পরে রাজু নিজে সেই সংযোগ মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। এসময় রাজুর মা লাকী আক্তার ছেলেকে বাঁচানোর জন্য স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়। পরবর্তীতে চোখের সামনে পুত্রবধূ ও নাতিকে ছটফট করতে দেখে দাদি বুলি বেগম তাদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই মা লাকী আক্তার ও ছেলে রাজুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দাদি বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দেওয়ানগঞ্জ পৌর এলাকায় মা-ছেলে মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে মেলান্দহ উপজেলার কোনামালঞ্চ আমেনা দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী জুনাইদ মাদরাসা ছুটি হওয়ার আগেই বাইরে খেলতে যায়। এর মধ্যে মাদরাসা ছুটি হয়ে গেলে তার বইসহ মাদরাসার কক্ষ তালাবদ্ধ করে চলে যায় মাদরাসা কর্তৃপক্ষ। পরে জুনাইদ সেই বই নেওয়ার জন্য মাদরাসার কক্ষের চালের নিচ দিয়ে প্রবেশ কর‍তে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানান, কোনামালঞ্চ আমেনা দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী জুনাইদ বিদ্যুৎসৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন