এবার পপির পাশে দাঁড়ালেন ওমর সানী
ছবি: সংগৃহীত
০৫:০১ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
গত কয়েকদিন ধরেই একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি বক্তব্য নিয়ে বিনোদন জগত ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।
সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনলাইনে পপির গত বছরের একটি সাক্ষাৎকারের বক্তব্যের অংশবিশেষ ফটোকার্ড আকারে প্রকাশ করা হয় যেখানে লেখা ছিল, ‘যতোটুকু পাপ কামাইছি সব ধুয়ে মুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচবো আল্লাহ খোদার নাম করে যাব’।
আর এ নিয়েই নেট দুনিয়ায় শুরু হয় বিতর্ক। পপির মন্তব্যে অনেকেই ধরে নিয়েছিলেন, সিনেমায় অভিনয়কে ‘পাপ’ হিসেবে ইঙ্গিত করেছেন তিনি। এমনকি অভিনেত্রীর একসময়ের সহকর্মীরাও তার সমালোচনায় মুখর হয়ে ওঠেন।
তবে পরবর্তীতে তার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী। গণমাধ্যমকে পপি বলেন, ‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এ ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’

চলচ্চিত্র পাড়ার অনেকেই পপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবার এ নিয়ে মুখ খুলেছেন আরেক জনপ্রিয় অভিনেতা ওমর সানী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সানী লেখেন, ‘পপির কথাটা যেভাবে আসছে এভাবে ঠিক না যদি ও এভাবে বলে থাকে। আসলে ধর্ম কর্ম দুইটা আলাদা জিনিস কর্মটা হালাল, ধর্ম তো কোন কথাই নেই।’
তিনি মনে করেন, যারা মাদক ব্যবসা, অবৈধ নারীঘটিত কর্মকাণ্ড বা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেন- তাদের তুলনায় চলচ্চিত্রের মানুষেরা নৈতিকভাবে অনেক ভালো অবস্থানে আছেন।
পবিত্র মক্কা ও মদিনা শরিফে যাওয়ার বিষয়ে তিনি বলেন যে আল্লাহর হুকুম বা ডাক ছাড়া কেউ সেখানে যেতে পারেন না এবং বিষয়টি উপলব্ধি করার ক্ষেত্রে তিনি নিজস্ব ভঙ্গিতে মন্তব্য করেন, ‘বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা।’
পোস্টের শেষাংশে চিত্রনায়িকা পপিকে নিজের কাছে এখনো ছোট মানুষ হিসেবে উল্লেখ করে ওমর সানী তাকে শুভকামনা জানিয়ে লেখেন, ‘ভালো থাকিস পপি।’
এসএ/টিএ