অর্ডার না করেও একের পর এক পার্সেল, বড় বিপাকে জয়
ছবি: সংগৃহীত
০৬:৫৭ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাসায় অনাকাঙ্ক্ষিত পার্সেলের বন্যা বইছে। কোনো পণ্য অর্ডার না করা সত্ত্বেও একের পর এক ডেলিভারি ম্যান তার ঠিকানায় হাজির হচ্ছেন, আর বিভিন্ন পেজ থেকেও আসছে পার্সেল বুঝে নেওয়ার অনবরত কল।
অনলাইনভিত্তিক একটি পণ্য ডেলিভারি গ্রুপে জয়ের ব্যক্তিগত ফোন নম্বর ও ঠিকানা কেউ বা কারা ছড়িয়ে দেওয়ার পর থেকেই তিনি এই বিড়ম্বনায় পড়েছেন।
সমস্যার শুরুটা হয়েছিল অনবরত অচেনা নম্বরের ফোন কল দিয়ে। বাধ্য হয়ে তিনি কিছু নম্বর ব্লক করলেও সমাধান মেলেনি, উল্টো সরাসরি বাসায় পণ্য নিয়ে আসা শুরু করেন ডেলিভারি কর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভোগান্তির কথা জানিয়ে জয় লেখেন, ‘মানুষের ক্ষতি করার জন্য কেউ অকারণে ওত পেতে থাকে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ফোন নাম্বার এবং বাসার এড্রেস প্রোডাক্ট ডেলিভারির অনলাইন গ্রুপে কেউ একজন দিয়ে দিয়েছেন... অনবরত পার্সেল নিয়ে সরাসরি আমার বাসায় চলে আসছে ডেলিভারি ম্যান। কিন্তু কোনো অর্ডারই আমি করিনি।’
ঘটনাটিকে শুধু অনলাইন হয়রানি নয়, বরং সরাসরি সাইবার অপরাধ হিসেবে দেখছেন এই অভিনেতা। এভাবে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া নিয়ে গভীর চিন্তা প্রকাশ করে তিনি ভক্তদের কাছে আইনি ও প্রযুক্তিগত সমাধানের পথ জানতে চান।
ডেলিভারির নাম করে অচেনা কেউ বাসায় ঢুকে কোনো অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটাতে পারে- এমন নিরাপত্তাহীনতার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। সামাজিক মাধ্যমে জয়ের এই পোস্ট ঘিরে দ্রুত প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। অনেকেই তাকে দ্রুত থানায় জিডি করার ও প্রযুক্তিগত আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেন, আবার অনেকে ঠাট্টা-মশকরা করে বিভিন্ন মন্তব্যও জুড়ে দেন।
এসএ/টিএ