© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হবে: জামায়াত আমির

শেয়ার করুন:
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের ও জনগণের স্বার্থে ভালো কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত। তবে সরকারের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল অবস্থান নেওয়া হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

পরে সভার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, বিদ্যমান জনদুর্ভোগ নিয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে কথা বলেছেন জামায়াতের আমির। তিনি বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে সংকট তৈরি হবে। এ ক্ষেত্রে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতের প্রকাশ্য ও আন্তরিক ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, মতবিনিময়ে কয়েকজন সাংবাদিক পরামর্শ দিয়েছেন, জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের বিষয়ে যারা ভিন্নমত পোষণ করছেন, তাদের গণভোটের রায় মেনে নেওয়ার বিষয়ে পরিষ্কার অবস্থান জানানো উচিত। হয় তারা বলবেন, মেনে নেবেন, অথবা বলবেন, মেনে নেবেন না। ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের অনেকে জামায়াত আমিরকে এমন পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, জনজীবনের দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি জনমত ও জাতীয় ঐকমত্য তৈরিতে ইলেকট্রনিক গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত দেন জামায়াত আমির।

শফিকুর রহমান বলেন, সংবাদ পরিবেশন যেমন গণমাধ্যমের দায়িত্ব, তেমনি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গণমাধ্যমের দায়িত্ব রয়েছে। 

গোলাম পরওয়ার জানান, বৈঠকে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। তারা বলেন, প্রিন্ট মিডিয়ায় যেসব সুযোগ-সুবিধা রয়েছে, ইলেকট্রনিক মিডিয়ায় সেগুলো নেই। বেতন কাঠামো ও ওয়েজ বোর্ড না থাকা, কাঠামোগত অবস্থানের সংকট এবং নিরাপত্তার বিষয়ও তারা তুলে ধরেন।

এসব সমস্যা সমাধানে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়গুলো তুলে ধরার পরামর্শ দিয়েছেন জামায়াত আমির। এ ক্ষেত্রে জামায়াত কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

ব্রিফিংয়ে গোলাম পরওয়ার আরও বলেন, গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জামায়াতের ভূমিকার প্রশংসা করেছেন। তাদের মতে, অতীতের যেকোনো সময়ের তুলনায় জামায়াতের বর্তমান ভূমিকা গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।

জবাবে জামায়াত আমির আশ্বস্ত করেছেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের এবং জনগণের স্বার্থে সব ভালো কাজে সরকারকে সহযোগিতা করা হবে। একই সঙ্গে সরকারের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। তবে সেই অবস্থান হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। রাজপথের সব আন্দোলনই ‘ননভায়োলেন্ট’ বা অহিংস করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

মতবিনিময় সভায় বাংলাভিশন, সময় টিভি, যমুনা টেলিভিশন, এটিএন বাংলা, এটিএন নিউজ, চ্যানেল আই, এনটিভি, আরটিভি, এখন টিভি, স্টার নিউজ, একাত্তর টেলিভিশন, ইনডিপেনডেন্ট টিভি, ডিবিসি নিউজ, নিউজ টুয়েন্টিফোর, চ্যানেল টুয়েন্টিফোর, এসএ টিভি, বৈশাখী টিভি, দীপ্ত টিভি, মোহনা টিভি, জিটিভি, নাগরিক টিভি, এশিয়ান টিভি, মাই টিভি, বাংলা টিভি, চ্যানেল এস, গ্রিন টিভি ও টিআরটি ওয়ার্ল্ডের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালসহ কেন্দ্রীয় ও মহানগর বিভিন্ন পর্যায়ের নেতারা।

এফআর/টিএ

মন্তব্য করুন