‘ম্যায়নে পেয়ার কিয়া’র সাফল্যের পর ৬ মাস কাজ পাননি সালমান
ছবি: সংগৃহীত
০৭:৩৬ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
বলিউডে আজ তিনি অন্যতম বড় তারকা। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে সাফল্যের স্বাদ পাওয়ার পরও যে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল সালমান খানকে, এবার এক পুরোনো ভিডিওতে সেই গল্পই হলো ভাইরাল!
পুরনো ভিডিওতে সালমানকে বলতে শোনা যায়, ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার পর টানা চার থেকে ছয় মাস কোনো কাজ পাননি তিনি।
সালমান খানের ক্যারিয়ারে বড় মোড় আসে ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দিয়ে। সিনেমাটিতে ভাগ্যশ্রীর বিপরীতে অভিনয় করে রাতারাতি পরিচিতি পান তিনি। তবে সিনেমার ব্যাপক সাফল্যের পরও পরবর্তী সময়ে কাজ পেতে বেশ বেগ পেতে হয়েছিল তাকে।
‘আপ কি আদালত’-এ দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে সালমান জানান, সিনেমাটি মুক্তির পর প্রায় চার থেকে ছয় মাস তার হাতে কোনো কাজ ছিল না।
সালমানের ভাষায়, “এরপর চার মাস, ছয় মাস পর্যন্ত কোনো কাজ পাইনি। মনে হচ্ছিল, হয়তো আর কাজই পাব না। কারণ ভাগ্যশ্রী তখন সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি আর সিনেমা করবেন না, বিয়ে করবেন।”
সালমানের দাবি, ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সাফল্যের পর সিনেমাটির কৃতিত্বের বড় অংশই ভাগ্যশ্রীর দিকে চলে যায়। ফলে ইন্ডাস্ট্রির অনেকের কাছেই এমন ধারণা তৈরি হয়েছিল যে সিনেমাটির মূল তারকা ছিলেন ভাগ্যশ্রী, সালমান নন।

অভিনেতা বলেন,“ভাগ্যশ্রী বিয়ে করে অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সিনেমাটির সাফল্যের কৃতিত্বও অনেকটা তার দিকেই চলে যায়। ইন্ডাস্ট্রির মানুষজনের মনে হয়েছিল, ‘ওই ছিল, আর আমি তো কিছুই ছিলাম না’।”
এই পরিস্থিতিতে ছেলের ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সালমানের বাবা, চিত্রনাট্যকার সেলিম খান। শেষ পর্যন্ত ছেলেকে কাজ পাইয়ে দিতে অভিনব এক কৌশলের আশ্রয় নেন তিনি।
সালমান জানান, তার বাবা প্রযোজক-পরিচালক জি পি সিপ্পিকে ফোন করে বলেন, তার ছেলে সালমানের হাতে কোনো কাজ নেই। তাই তাকে নিয়ে একটি সিনেমা করার ঘোষণা দিতে। সেলিম খানের সঙ্গে জি পি সিপ্পির দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক থাকায় তিনি সেই অনুরোধ রাখেন।
এরপর চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিনে প্রকাশিত হয় ‘জি পি সিপ্পির সিনেমায় সালমান’! সালমানের ভাষ্য, ওই ঘোষণার পর ইন্ডাস্ট্রিতে তার হাতে নতুন কাজ এসেছে- এমন একটি ধারণা তৈরি হয়। আর সেই ঘোষণাই তার ক্যারিয়ারের শুরুর কঠিন সময় কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজকের সুপারস্টার সালমান খানের ক্যারিয়ারের সেই অজানা অধ্যায়ই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। এনডিটিভি