ভারতের কোক স্টুডিওর চেয়ে পাকিস্তানের এগিয়ে থাকার কারণ জানালেন আতিফ
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
ভারত ও পাকিস্তানের সংগীতাঙ্গনে জনপ্রিয়তার দিক থেকে আতিফ আসলামের অবস্থান বেশ শক্ত। দুই দেশের শ্রোতাদের কাছেই তার গান সমানভাবে সমাদৃত। তবে দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমা ও সংগীতে তার উপস্থিতি নেই।
এবার দুই দেশের ‘কোক স্টুডিও’র সংগীত নিয়ে নিজের মতামত জানালেন এই পাকিস্তানি সংগীতশিল্পী।
সম্প্রতি মির্চি ইউএইকে দেওয়া এক সাক্ষাৎকারে আতিফ আসলাম বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশের ‘কোক স্টুডিও’র গান ও কম্পোজিশনই ভালো। তবে পাকিস্তানি সংগীতে যে স্বাভাবিকতা ও নিজস্ব আবহ রয়েছে, সেটিই তাদের বাড়তি সুবিধা দিয়েছে।
আতিফ বলেন, “দুই জায়গার কম্পোজিশনই ভালো। তবে আমাদের সংগীতের যে মৌলিকতা (র’নেস), সেটি ভারতীয় সংগীতে কিছুটা অনুপস্থিত।”
তার মতে, ভারতীয় ‘কোক স্টুডিও’ অনেক বেশি বাণিজ্যিক চিন্তাভাবনার ওপর নির্ভরশীল। অন্যদিকে পাকিস্তানের ‘কোক স্টুডিও’তে মৌলিক কম্পোজিশনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
আতিফ বলেন, “ইন্ডিয়ান কোক স্টুডিও বাণিজ্যিকতার ওপর অনেক বেশি বিশ্বাস করে। অন্যদিকে পাকিস্তানি কোক স্টুডিও মৌলিক কম্পোজিশন উপস্থাপন করে। কয়েকজন মিলে সেই কম্পোজিশনে কাজ করেন। বিষয়টি অনেকটা ‘ডু অর ডাই’-এর মতো হলেও সেখানে নিজের সৃজনশীলতাও যোগ করার সুযোগ থাকে।”
পাকিস্তানের ‘কোক স্টুডিও’র সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আতিফ আসলামের। এই প্ল্যাটফর্মে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ‘তাজদার-ই-হারাম’ গানে তার বিশেষ পরিবেশনা শ্রোতাদের ব্যাপক প্রশংসা পেয়েছিল। পরবর্তী সময়ে ‘ওহি খুদা হ্যায়’ এবং ‘সাজন দাস না’, ‘গো’-এর মতো গানেও নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন এই শিল্পী।
এদিকে দীর্ঘ ১৮ বছর পর পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম নিয়ে ফিরেছেন আতিফ আসলাম। তার চতুর্থ স্টুডিও অ্যালবামের নাম ‘সুবাহ আয়ে না’। গত ৩১ জুলাই অ্যালবামটি প্রকাশিত হয়েছে। এতে রয়েছে ‘সুবাহ আয়ে না’, ‘সফর মে হুঁ’, ‘ইশক’ ও ‘চার ইয়ার’এই চারটি মৌলিক গান। এনডিটিভি
এফআর/এসএন