ফেনীতে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৬
ছবি: সংগৃহীত
০৯:১৬ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় নেতাকর্মী সূত্র জানায়, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তির জন্য নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। সকাল থেকে উপজেলায় বিবাদমান বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সাবেক ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের গ্রুপের মধ্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। এই উত্তেজনাকে কেন্দ্র করে পৌর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
বিকেলে আকবর গ্রুপের নেতাকর্মীরা স্থানীয় আতাতুর্ক স্কুল মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষ করে বের হওয়ার সময় প্রতিপক্ষ ফটিক গ্রুপের লোকজন 'ভুয়া ভুয়া' বলে ধাওয়া করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষ অপর পক্ষের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। হামলার জন্য আকবর ও ফটিক গ্রুপ একে অপরকে দায়ী করেছে। পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপরও তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।পুলিশ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।
এমআর/টিএ