© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৮ এএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদ এলাকার রমনা আবাসিক প্রকল্পের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ছায়েদুর রহমানের সহকর্মীরা জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় ছিলেন। তখন তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।

পারিবারিক ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী তাদের নাতিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন। সে সময় ছায়েদুর রহমান তার স্ত্রীকে দ্রুত বাড়ি ফিরে আসার তাগিদ দেন। পরবর্তীতে বাসায় ফিরে তার স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি হালিশহর থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ছায়েদুর রহমানের তিন মেয়ে। তার বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে (এমবিবিএস) পড়াশোনা করছেন। তারা দুজন ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুরো ঘটনাটি নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

এফআর/এসএন

মন্তব্য করুন