© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃতীয় অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি?

শেয়ার করুন:
তৃতীয় অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫০ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
পর্দায় চরিত্রকে জীবন্ত করে তোলার জন্য দর্শকের কাছে পরিচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নাটক ও ওটিটিতে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। তবে হঠাৎ অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার করা হয় তার। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় অভিনেত্রীকে। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে তৃতীয়বারও মস্তিষ্কে অস্ত্রোপচার করান তিনি।

তৃতীয় অস্ত্রোপচারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি প্রকাশ করে তানিয়া লিখেছিলেন, ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’ অস্ত্রোপচারের পরও ভক্ত ও সহকর্মীদের কাছে তার সুস্থতার খবর নিয়ে আগ্রহ ছিল।

চিকিৎসার কারণে কাজ থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন তানিয়া বৃষ্টি। নিজের ছবি প্রকাশের পাশাপাশি অভিনীত নাটকের প্রচারণাতেও দেখা যায় তাকে।



অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই কাজে ফিরতে পারেন তানিয়া। তবে পুরোপুরি সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নেবেন তিনি।

অসুস্থতার আগে তানিয়ার হাতে ছিল রায়হান খান নির্মিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ। এতে তার সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদসহ আরও অনেকে।

অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়ার দ্রুত সুস্থতার জন্য নিয়মিতই শুভকামনা জানাচ্ছেন তার ভক্ত ও সহকর্মীরা।

এসএন 

মন্তব্য করুন