© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জন্মাষ্টমীর শোভাযাত্রা শুক্রবার, রয়েছে ডিএমপির ১১ নির্দেশনা

শেয়ার করুন:
জন্মাষ্টমীর শোভাযাত্রা শুক্রবার, রয়েছে ডিএমপির ১১ নির্দেশনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১২ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, শোভাযাত্রা চলাকালে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরবাসীকে পুলিশের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

শোভাযাত্রার রুট নির্ধারণ করা হয়েছে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত।

ডিএমপি জানিয়েছে, শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। উচ্চস্বরে পিএ বা সাউন্ড সিস্টেম বাজানো থেকেও বিরত থাকতে হবে। শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুকদের শুরুতেই এতে যোগ দিতে হবে। কোনোভাবেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।

আকতার হোসেন আরও জানান, নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটারসহ বিভিন্ন সামগ্রী সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না।

শোভাযাত্রা চলাকালে রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না। রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকেও বিরত থাকতে হবে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখা গেলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করতে বলা হয়েছে।

এ ছাড়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করতে বলা হয়েছে।

শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। জন্মাষ্টমীর শোভাযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

মন্তব্য করুন