সাংবাদিকদের তথ্যমন্ত্রী‘আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়’
ছবি: সংগৃহীত
০৩:২৭ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ। আমাদের কাজগুলো খারাপ করছি, না ভালো করছি— সেগুলো আপনারা দেখবেন। আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে আপনাদের কলমের খোঁচায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান নষ্ট না হয়। এটা আপনাদের নৈতিক দায়িত্ব।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কোনো নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না, হয়তো নীতিমালা করে আমি আইনের আওতায় আনতে পারবো। আপনাকে নৈতিকভাবে মাথায় রাখতে হবে আপনার একটা অর্ধসত্য ও স্বল্পজ্ঞান বা যেটা আপনি আরও জানা উচিত— এ ধরনের কোনো সংবাদের কারণে কোনো মানুষ তাদের রেপুটেশন থেকে আরম্ভ করে তার যেন কোনো কিছু না হয়। আবার কারো বেশি প্রসংশা ও যেন না হয়। গণতন্ত্রের একটা স্তম্ভ হিসেবে আপনাদের (সাংবাদিকদের) দায়িত্ব বেড়ে গেছে।
সাইবার বুলিং বাড়ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন মানুষ একটা সত্য নিউজ দেখলেও এটা ফেক নিউজ কিনা তা চেক করো। রাজনীতিবিধ হিসেবে আমাদের সোশ্যাল মিডিয়া টলারেন্সের জায়গা আরও বাড়াতে হবে। এখন সবার হাতে স্মার্ট মোবাইল ফোন, গণতন্ত্র ও বাক-স্বাধীনতার নামে কী ধরনের শব্দ ব্যবহার হয় সেটাও গত ২-৩ বছরে দেখেছি। সবমিলিয়ে আমি বলবো না আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি, বাস্তব পরিস্থিতির মধ্যে আছি। আমরা সম্পূর্ণ আলাদা পরিস্থিতির মধ্যে আছি, মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদেরকে এটাই বলবো- আপনারা যখন লিখবেন আমাদের সমালোচনা করবেন, আমাদের কাজগুলো কোথায় কোথায় ঠিকমতো হচ্ছে সে বিষয়গুলো তুলে আনবেন। ভোলায় আমাদের দেওয়া বরাদ্দ ও কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা সে বিষয়গুলো আমাদের জানাবেন। আমাদেরকে নিয়ে সংবাদ প্রকাশ করবেন আমাদেরকে সাহায্য করার জন্য, যাতে আমরা সঠিকভাবে কাজটা করতে পারি। আপনি আমাকে পছন্দ করেন না, সেখান থেকে যেন সংবাদ না হয়। আমরা সবাই মিলে একসাথে কাজ করবো।
ভোলায় মাদক এখন সবচেয়ে বড় ইস্যু জানিয়ে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন,আমাদের তরুণ সমাজ এবং সমাজের অবক্ষয় যেভাবে এখানে হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা ইউনিয়নে কমিউনিটি পুলিশিং করে সেখান থেকেও প্রশাসনকে সাহায্য করা উচিত- মাদক কে কিভাবে ভোলায় নিয়ে আসে। এবং মাদক নির্মূলে সমাজের গণ্যমান্যদের নিয়ে কমিটি গঠনের কথাও জানান তিনি। এছাড়া মতবিনিময় সভায় ভোলার সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান মন্ত্রী।
মতবিনিময় সভায় ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। ভোলার প্রবীণ সাংবাদিক এম আবু তাহের ও শওকত হোসেন।
এছাড়াও ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।