সাংবাদিকদের তথ্যমন্ত্রীআপনাদের কলমের খোঁচায় যেন কারও মানসম্মান নষ্ট না হয়
ছবি: সংগৃহীত
০৮:৩৬ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ। আপনাদের কলমের খোঁচায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান নষ্ট না সেদিকে খেয়াল রাখতে হবে।’
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘নীতিমালা করে হয়তো আমি একটা আইনের মধ্যে আনতে পারবো। কিন্তু সাংবাদিকদের নীতি এবং নৈতিকতার পরিবর্তন না হলে নীতিমালা করেও কোন পরিবর্তন আনা সম্ভব হবে না। তবে মাথায় রাখতে হবে আপনাদের কলমের খোঁচায় যেন কারোর জীবন, ক্যারিয়ার ও মানসম্মান নষ্ট না হয়।’
তিনি বলেন, ‘এই সরকারের সময় বাংলাদেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীন। মিডিয়া একটি স্তম্ভ, আপনাদের কাজ আপনারা করবেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ও সুস্থ সমাজ ব্যবস্থা গঠনে সরকারকে সহযোগিতা করাও আপনাদের দায়িত্ব।’
সাইবার ইস্যু নিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘সাইবার ইস্যু একটি বড় ইস্যু। এআই দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তখন মানুষ সত্যিটা খুঁজে পায়না। তাই মানুষ নিউজের মধ্যেও ফ্যাক দেখতে পায়।’
ভোলায় মাদক এখন সবচেয়ে বড় ইস্যু জানিয়ে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমাদের তরুণ সমাজ এবং সমাজের অবক্ষয় যেভাবে এখানে হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা ইউনিয়নে কমিউনিটি পুলিশিং করে সেখান থেকেও প্রশাসনকে সাহায্য করা উচিত- মাদক কে কীভাবে ভোলায় নিয়ে আসে। এবং মাদক নির্মূলে সমাজের গণ্যমান্যদের নিয়ে কমিটি গঠনের কথাও জানান তিনি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পুলিশ সূপার শহিদুল্লাহ কায়সার, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মো. আবু তাহেরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।
এমআর/টিএ