সৌদি আরবে রেড অ্যালার্ট জারি
ছবি: সংগৃহীত
০৮:৪২ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)।
আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।
এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, ৪ সেপ্টেম্বর পর্যন্ত জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রঝড়ের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এর মধ্যে জাজান ও আসিরের কিছু এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে। অন্যদিকে নাজরান অঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
জাজান প্রদেশের আল রাইত, হারুব, আল দাইর, আল হাইদাবি, ফাইফা, আল আরিদাহ, আল হারিস, আল তুওয়াল, আল দারব, বাইশ, সাবিয়া, দামাদ, আবু আরিশ, আহাদ আল মাসারিহাহ ও সামতাহ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এ ছাড়া জাজান শহর এবং ফরাসান দ্বীপপুঞ্জেও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আসির প্রদেশের আভা, খামিস মুশাইত, আহাদ রুফাইদাহ, সারাত উবাইদাহ, আল হারজাহ, দাহরান আল জানুব, আল নামাস, আল ফারশাহ, তানোমাহ, রিজাল আলমা, বারিক, মাহায়িল আসির, আল মাজারদাহ ও বলকারন এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এনসিএম।
বৃষ্টির সঙ্গে বজ্রঝড় ও শিলাবৃষ্টির পাশাপাশি নিম্নাঞ্চল, উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকায় আকস্মিক পাহাড়ি ঢল দেখা দিতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
বৈরী আবহাওয়ার মধ্যে স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টির সময় উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।
একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সরকারি নির্দেশনা অনুসরণ এবং জরুরি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার জন্য সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: গালফ নিউজ
এসএন