ফেসবুকজুড়ে কেন এত জনপ্রিয় এআই ড্রামা ‘মাফিয়া ডন’?
ছবি: সংগৃহীত
০৯:১৮ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই চোখে পড়ছে ছোট ছোট নাটকের দৃশ্য। কয়েক সেকেন্ডের একটি পর্ব শেষ হতেই দর্শকের আগ্রহ তৈরি হচ্ছে পরের পর্বটি দেখার। এভাবেই ফেসবুকের রিলজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্বল্পদৈর্ঘ্য নাটক ‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’। বিশেষ করে নারী দর্শকদের মধ্যে নাটকটির জনপ্রিয়তা বেশ চোখে পড়ার মতো।
মাফিয়া ডন, চুক্তির বিয়ে, প্রত্যাখ্যাত এক নারী এবং একটি শিশুকে ঘিরেই এগিয়েছে নাটকটির গল্প। এর কেন্দ্রীয় চরিত্র নোরা। স্বামীর কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে একদিন একটি বিজ্ঞাপন দেখতে পান তিনি। সেখানে একজন সৎমায়ের প্রয়োজন বলে জানানো হয়।
বিজ্ঞাপনে দেওয়া ঠিকানা ধরে নোরা পৌঁছান বিশাল এক প্রাসাদে। সেখানেই জানতে পারেন, বাড়িটির মালিক লুকা একজন মাফিয়া ডন। তার ছোট ছেলে লিওর দেখাশোনার জন্যই একজন নারী প্রয়োজন। কিন্তু দায়িত্বটি মোটেও সহজ নয়। লিও প্রায় খাওয়া-দাওয়া ও ঘুম ছেড়ে দিয়েছে।
নোরার সাক্ষাৎকারের শর্ত ছিল, তিনি যদি শিশুটিকে অন্তত এক চামচ খাবার খাওয়াতে পারেন, তাহলেই তার চাকরি নিশ্চিত হবে। কিন্তু নোরা সেখানে শুধু এক চামচ খাবার খাওয়াননি, পুরো প্লেট খাবার খাইয়ে দেন লিওকে। দীর্ঘ সময় পর সেদিন রাতেই শিশুটিও শান্তিতে ঘুমায়।

ছেলের জীবনে নোরার এই পরিবর্তন লুকার নজর এড়ায় না। তিনি নোরাকে বাড়তি টাকা, গাড়ি ও বেশি বেতনের প্রস্তাব দেন। একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাবও দেন লুকা। নোরা শুরুতে এতে রাজি ছিলেন না। তার কাছে বিষয়টি ছিল কেবল একটি চাকরি।
তবে লুকার যুক্তি ছিল, লিওর একজন মায়ের প্রয়োজন। নোরা যেন শুধু শিশুটির দেখাশোনাকারী না হয়ে তার জীবনে মায়ের জায়গাটিও নেন। শেষ পর্যন্ত চুক্তির বিয়েতে রাজি হয়ে যান নোরা।
এরপরই বদলে যেতে থাকে গল্পের গতিপথ। শুরুতে নোরা ও লুকার সম্পর্ক ছিল একেবারেই প্রয়োজনের। নোরার দরকার ছিল কাজ, আর লুকার দরকার ছিল ছেলের জন্য একজন যত্নশীল মানুষ। কিন্তু সময়ের সঙ্গে সেই হিসাব পাল্টে যায়।
লিও খুব দ্রুত নোরার সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়ে। তার উপস্থিতিতে শিশুটির আচরণেও পরিবর্তন আসে। একসময় নোরাও লিওকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করেন। শিশুটির সঙ্গে নোরার এই সম্পর্ক ধীরে ধীরে লুকার সঙ্গেও তার দূরত্ব কমিয়ে আনে।
এদিকে লুকার চরিত্রের আরেকটি দিকও সামনে আসে। বাইরে থেকে কঠোর ও ভয়ংকর মাফিয়া ডন হলেও ছেলের বিষয়ে তিনি অত্যন্ত আবেগপ্রবণ একজন বাবা। নোরার প্রতিও ধীরে ধীরে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। চুক্তির ভিত্তিতে শুরু হওয়া সম্পর্ক একসময় ভালোবাসায় রূপ নেয়।

নোরার নিজের জীবনেও আসে বড় পরিবর্তন। নিজের অবয়বের কারণে স্বামীর কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর তার আত্মবিশ্বাস অনেকটাই ভেঙে গিয়েছিল। কিন্তু লিওর জীবনে নিজের প্রয়োজনীয়তা এবং লুকার আচরণ ধীরে ধীরে তাকে নিজের মূল্য বুঝতে সাহায্য করে।
ফলে গল্পটি শুধু মাফিয়া ও প্রেমের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবার, মাতৃত্ব, আত্মবিশ্বাস এবং নতুন করে ভালোবাসা পাওয়ার আবেগ। যে নারী একসময় স্বামীর কাছে মূল্যহীন হয়ে পড়েছিলেন, তিনিই পরবর্তী সময়ে হয়ে ওঠেন একটি শিশুর সবচেয়ে প্রয়োজনীয় মানুষ এবং একজন মাফিয়া ডনের ভালোবাসার মানুষ।
নাটকটির জনপ্রিয়তার পেছনে গল্পের পরিচিত কয়েকটি উপাদান একসঙ্গে কাজ করছে। মাফিয়া ডন, চুক্তির বিয়ে, প্রেম, শিশু, পারিবারিক আবেগ এবং প্রত্যাখ্যাত নারী থেকে আত্মবিশ্বাসী হয়ে ওঠার গল্প দর্শকদের আগ্রহ ধরে রাখছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নির্মাণ, যা প্রচলিত নাটক ও ধারাবাহিকের বাইরে দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে।
ছোট ছোট পর্ব ও রিলভিত্তিক উপস্থাপনাও নাটকটির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কয়েক সেকেন্ডের একটি দৃশ্য শেষ হওয়ার পর পরবর্তী পর্বে কী ঘটবে, তা জানার কৌতূহল দর্শকদের আটকে রাখছে। ফলে একটির পর একটি পর্ব দেখার প্রবণতা তৈরি হচ্ছে।
নারী দর্শকদের মধ্যে নাটকটির জনপ্রিয়তার পেছনেও গল্পের পুরুষ চরিত্রের উপস্থাপনাকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এখানে পুরুষ চরিত্রগুলো ক্ষমতাবান ও ধনী হওয়ার পাশাপাশি সঙ্গীর প্রতি যত্নশীল, দায়িত্বশীল ও বিশ্বস্ত হিসেবে উঠে এসেছে। তারা সঙ্গীর কথা শোনে, প্রয়োজনের সময় পাশে দাঁড়ায় এবং সম্পর্ককে গুরুত্ব দেয়।
তাই নাটকটি পছন্দ করার অর্থ বাস্তবে কোনো নারী একজন মাফিয়া ডনকে জীবনসঙ্গী হিসেবে চান, এমনটা নয়। বরং কল্পনার এসব চরিত্রের মধ্যে থাকা যত্ন, সম্মান, নিরাপত্তা, সততা ও নির্ভরযোগ্যতার মতো গুণগুলোই দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এসব নাটকের গল্প বাস্তবতার চেয়ে অনেক বেশি কল্পনানির্ভর। তবু ‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’-এর জনপ্রিয়তা দেখিয়ে দিচ্ছে, গল্পের জাঁকজমক কিংবা ক্ষমতার প্রদর্শনের পাশাপাশি ভালোবাসা, যত্ন, সম্মান ও নির্ভরযোগ্যতার মতো আবেগও দর্শকদের কাছে সমান গুরুত্বপূর্ণ।
এসএ/টিএ