৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, বিরোধী দলের এটা বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী
ছবি: সংগৃহীত
০২:১০ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, তারেক রহমানের তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি থেকেই ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে মাত্র ছয় মাসে সবকিছু রাতারাতি সমাধান করা সম্ভব নয়, বিষয়টি বিরোধী দলের বোঝা উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরে জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের উদ্যোগে রহমতখালী খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, উনারা লং মার্চ দিয়েছেন, কিন্তু মাত্র ছয় মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়। এটি বিরোধী দলের বোঝা উচিত। তারা ফটোসেশন বা ফটোশোর রাজনীতি করেন না, বরং বাস্তব কাজ করতে চান।
মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ওপর জোর দিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব এবং সামাজিক আন্দোলনের মূল লক্ষ্য হওয়া উচিত একটি মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা। তিনি আরও হুশিয়ারি উচ্চারণ করে বলেন, গত ১৭ বছরের প্রভাবশালী ব্যক্তিদের অনেকে এখনও আড়ালে থেকে কলকাঠি নাড়ছেন। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং কৃষক দলের মোস্তাফিজুর রহমান সোহেলসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
আরআই/টিএ