© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আন্ধার’-এর টিজারেই ভয়!

শেয়ার করুন:
‘আন্ধার’-এর টিজারেই ভয়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৬ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল ‘আন্ধার’। বিশেষ করে সিনেমাটির চরিত্রগুলোর লুক দর্শকদের মধ্যে তৈরি করেছিল কৌতূহল। এরপর থেকেই টিজারের অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রকাশ পেয়েছে নির্মাতা রায়হান রাফীর ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’র টিজার।

এক মিনিট ২৬ সেকেন্ডের টিজারে ভয়ের পাশাপাশি রহস্য, মৃত্যু ও কালোজাদুর আবহ তৈরি করা হয়েছে। শুরুতেই আয়নার সামনে থাকা এক নারীকে ঘিরে দেখা যায় অস্বস্তিকর এক দৃশ্য। এরপর বাথটাবে পড়ে থাকা প্রাণহীন দেহ, রক্তমাখা হাত, অন্ধকার জঙ্গলে রহস্যময় অবয়ব এবং কালোজাদুর বিভিন্ন আচারের দৃশ্য একের পর এক সামনে আসে।

টিজারে নাজিফা তুষীকে দেখা গেছে রহস্যময় ও বিপর্যস্ত এক নারীর চরিত্রে। তাকে ঘিরে থাকা অশুভ শক্তি এবং কালোজাদুর ইঙ্গিত গল্পের রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।



অন্যদিকে সিয়াম আহমেদের চরিত্র নিয়ে সবচেয়ে বেশি ধোঁয়াশা রেখে দিয়েছে টিজার। কখনো তাকে লাশের সামনে চিন্তামগ্ন অবস্থায় দেখা যায়, আবার কখনো হাজির হয়েছেন অ্যাকশন দৃশ্যে। টিজারের শেষদিকে তার জ্বলজ্বলে নীল চোখের চাহনি তৈরি করেছে নতুন প্রশ্ন- সিনেমায় তার চরিত্রের আসল পরিচয় কী?

বড় পরিসরের আয়োজন ও তারকাবহুল অভিনয়শিল্পীদের কারণে ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ আগে থেকেই ছিল। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান সিনেমাটির গল্প নির্মাণ করেছেন। রায়হান রাফীর পরিচালনায় এতে সিয়াম আহমেদ, নাজিফা তুষী, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিনসহ আরও অনেকে অভিনয় করেছেন।

টিজার প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির সময়ও জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।

এসএ/টিএ


মন্তব্য করুন