অনলাইনে অর্ডার করা খাবারে পাওয়া গেল 'পাতার বিড়ি'
ছবি: সংগৃহীত
০৭:০৮ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের বেঙ্গালুরুতে অনলাইনে অর্ডার করা খাবারে বিড়ি পেয়েছেন এক ব্যাক্তি। এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, অনলাইনে খাবার অর্ডার ও ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটোকে ট্যাগ করে লিঙ্কডইনে প্রিয়ম তাহাবিলদার নামের এক ব্যাক্তি প্রতিক্রিয়া জানান।
তিনি লেখেন, ‘জোম্যাটো থেকে পাও ভাজি অর্ডার করেছিলাম, আর ফ্রি-তে একটি বিড়ি পেলাম। যদিও সেটি পুরোপুরি ধূমপান করা ছিল। সত্যি বলতে, এমন ফ্রি উপহার আমি চাইনি।’
পোস্টের সঙ্গে জুড়ে দেয়া ছবিতে দেখা যায়, পাও ভাজির সঙ্গে দেয়া কুচি করা পেঁয়াজের মধ্যে পড়ে আছে একটি পাতার বিড়ির অবশিষ্টাংশ।
জোম্যাটো পোস্টটির জবাব দিয়ে তাহাবিলদারকে অর্ডারের বিস্তারিত তথ্য শেয়ার করতে বলে, যাতে তারা বিষয়টি তদন্ত করতে পারে। কমেন্টে তারা লিখেন, ‘হাই প্রিয়ম, বিষয়টি খতিয়ে দেখতে অনুগ্রহ করে আপনার অর্ডার আইডি আমাদের ডিএম করুন।’
পরে তাহাবিলদার একটি আপডেট দিয়ে জানান, পরবর্তী অর্ডারের জন্য জোম্যাটো তাকে ১০০ রুপির একটি কুপন দেয়ার প্রস্তাব দিয়েছে। তিনি লেখেন, ‘আপডেট: পরবর্তী অর্ডারের জন্য জোম্যাটো আমাকে ১০০ রুপির একটি কুপন দিয়েছে।’
এ দিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে একইসঙ্গে হাস্যরস আবার স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগসহ নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
একজন রসিকতা করে লেখেন, ‘রেস্তোরাঁ মনে হয় আপনার অভ্যাস সম্পর্কে জানত!’
আরেকজন মন্তব্য করেন, ‘অতিরিক্ত স্মোকি ফ্লেভার যোগ করা হয়েছে।’
তবে কয়েকজন বিষয়টি নিয়ে আরও গুরুতর দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। একজন লেখেন, ‘এখন ঘরে রান্না করা খাবার খাওয়ার সময় হয়েছে। শান্তি।’
আরেকজন উল্লেখ করেন, সাধারণত খাবার প্যাকেট করার দায়িত্ব জোম্যাটোর (ডেলিভারি প্ল্যাটফর্ম) নয়, রেস্তোরাঁর। তিনি লেখেন, ‘এটা জোম্যাটোর দোষ নয়। প্যাকেট করার কাজ রেস্তোরাঁই করে, জোম্যাটো শুধু ডেলিভারি পার্টনার।’
একজন মন্তব্যকারী বিড়িটি কীভাবে খাবারের মধ্যে চলে এলো, তা নিয়ে অনুমান করে লেখেন, ‘হয়তো খাবার প্যাক করার সময় কর্মী বিড়ি খাচ্ছিলেন। এরপর বিড়িটি অন্য কোথাও না ফেলে ভুল করে খাবারের সঙ্গেই প্যাক করে ফেলেছেন।’
আরেক ব্যবহারকারীও রসিকতা করে এটিকে ‘মৌসুমি অফার’ বলে মন্তব্য করেন, ‘আপনি মৌসুমি অফারটি পেয়েছেন! বাহ, দারুণ।’
এমআই/টিএ