© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আমাদের এক্স ফ্যাক্টর’, হাসানকে নিয়ে কেন্ট সতীর্থের উচ্ছ্বাস

শেয়ার করুন:
‘আমাদের এক্স ফ্যাক্টর’, হাসানকে নিয়ে কেন্ট সতীর্থের উচ্ছ্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৫ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
বল হাতে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে টাইগার এই পেসারের ভেলকিতেই স্বাগতিক দলের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পথ রচিত হয়েছিল বাংলাদেশের।

জাতীয় দলের ব্যস্ততা শেষে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে নেমে আবারও বল হাতে ঝলক দেখালেন বাংলাদেশের এই পেসার। অভিষেক জার্নিতে দুই ম্যাচেই নিয়েছিলেন ১২ উইকেট। আবারও কেন্টে ফিরে প্রথম ইনিংসে নিয়েছেন আরও ৪ উইকেট।

বাংলাদেশের পেসারের দারুণ ছন্দে মুগ্ধ তার সতীর্থ ম্যাট মিলনেস। তিনি মনে করেন, হাসানই তাদের আক্রমণের ‘এক্স ফ্যাক্টর’। 

ক্যান্টারবারিতে উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে মিলনেস বলেন, ‘হাসান আমাদের বোলিং আক্রমণে অবশ্যই বিশেষ কিছু যোগ করে। সে ভালো গতিতে বল করতে পারে, তার বোলিং অ্যাকশনও কিছুটা ভিন্ন, ফলে ব্যাটসম্যানদের জন্য তাকে বুঝে ওঠা কঠিন।’



তিনি আরও বলেন, ‘হাসান অসাধারণ একজন বোলার এবং আমাদের আক্রমণে সেই এক্স ফ্যাক্টরটা যোগ করে। তাকে দলে পেয়ে আমরা সত্যিই খুব ভাগ্যবান।’

মিলনেসের কথার যথার্থতা মিলেছে হাসানের বোলিংয়েই। উস্টারশায়ারের প্রথম ইনিংস ২১৭ রানে গুটিয়ে দেওয়ার পথে ৬৮ রানে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। দ্বিতীয় দিনে ম্যাথু ওয়েটের স্টাম্প ভেঙে নিজের তৃতীয় উইকেট নেওয়ার পর অ্যাডাম ফিঞ্চকে এলবিডব্লিউ করে ইনিংসে চার শিকার পূর্ণ করেন তিনি। 

এর আগে ম্যাচের প্রথম দিনেও নতুন বলে জোড়া সাফল্য পেয়েছিলেন হাসান। ফলে উস্টারশায়ারের ব্যাটিংয়ে শুরু থেকেই চাপ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তার ৪ উইকেট এবং সতীর্থদের সম্মিলিত বোলিংয়ে ২৩৮ রানের প্রথম ইনিংসের পর উস্টারশায়ারকে ২১৭ রানে আটকে ২১ রানের লিড পায় কেন্ট। 

কেন্টের হয়ে নিজের প্রথম দুই ম্যাচেই নজর কেড়েছিলেন হাসান। এবারও তার ধারালো বোলিংয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখলেন বাংলাদেশের এই পেসার। তাই সতীর্থ মিলনেসের চোখে তিনি শুধু বোলার নন, কেন্টের আক্রমণে আলাদা মাত্রা যোগ করা একজন ‘এক্স ফ্যাক্টর’ বটে।

এমআই/টিএ

মন্তব্য করুন