দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ঘুরিয়ে দেয়া হলো ৫টি ফ্লাইট
ছবি: সংগৃহীত
০৭:৪৭ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারী বৃষ্টির পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের গেট এলাকায় পানি জমে গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারী বৃষ্টির কারণে বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয়। এ অবস্থায় দিল্লিগামী পাঁচটি ফ্লাইট লখনৌ বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হয়।
মানসি নামের এক যাত্রী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘এমন কিছু আমি আগে কখনো দেখিনি। এখানে অনেক পানি। প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। পানির স্তর কিছুটা কমার অপেক্ষা করছি, যাতে আগমনী গেটের দিকে যেতে পারি।’
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, যাত্রীরা প্যান্ট গুটিয়ে জমে থাকা পানির মধ্য দিয়ে লাগেজ ট্রলি ঠেলে প্রবেশ গেটের দিকে যাচ্ছেন।
একজন বলেন, ‘প্রায় দুই বছর আগে একবার এমন হয়েছিল। এ বছর আবারও একই ঘটনা দেখছি। এবার বৃষ্টির তীব্রতা একটু বেশি। আজ জন্মাষ্টমী হওয়ায় পূজার আয়োজনও চলছে।’
ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তিন ঘণ্টার বৃষ্টির তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পালামে ৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে বৃষ্টি হয়েছে ০ দশমিক ৫ মিলিমিটার।
এই সময়ের মধ্যে অন্যান্য অধিকাংশ পর্যবেক্ষণ কেন্দ্রে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আইএমডি দিল্লিতে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। বৃষ্টির কারণে নিচু এলাকা ও আন্ডারপাসে জলাবদ্ধতা তৈরি হতে পারে। শহরের কিছু এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি গণপরিবহনে দেরিও হতে পারে।
এমআর/টিএ