পশ্চিমবঙ্গে পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছে ২ বাংলাদেশী আসামি
ছবি: সংগৃহীত
০৯:০৭ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
পশ্চিমবঙ্গে পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছে দুই বাংলাদেশী আসামি। একজনকে আটক করা সম্ভব হলেও আরেকজন এখনও পলাতক। পলাতক বাংলাদেশীকে ধরতে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জজুড়ে চলছে পুলিশের ব্যাপক অভিযান।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ দুই বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে তাদের নাম আনারুল শেখ ও মোহাম্মদ রুবেল শেখ বলে জানা গেছে। তারা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছিল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুই বাংলাদেশি নাগরিকসহ মোট পাঁচ আসামিকে নিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা দেয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পথে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি (জেরক্স) করার জন্য একজন পুলিশ সদস্য গাড়ি থেকে নামলে সেই সুযোগে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান দুই বাংলাদেশী আসামি।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তল্লাশি। কিছুক্ষণের মধ্যেই এক পলাতক আসামিকে খুঁজে পায় পুলিশ। তবে মোহাম্মদ রুবেল শেখ খড়খড়ি নদী পার হয়ে গোপালনগর এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
এরপর থেকেই জঙ্গল ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রায় ছয় ঘণ্টা ধরে জঙ্গলের ভিতরে পলাতক বাংলাদেশী আসামির খোঁজ চলছে। একবার স্থানীয় বাসিন্দারাও জঙ্গলের মধ্যে রুবেলকে দেখতে পান বলে দাবি করা হয়েছে। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই ফের জঙ্গলের ভিতরে গা-ঢাকা দেন তিনি।
কীভাবে দুই আসামি পুলিশের নিরাপত্তা এড়িয়ে গাড়ি থেকে পালাল, সেই ঘটনায় কোনো গাফিলতি ছিল কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পলাতক মোহাম্মদ রুবেল শেখকে ধরতে জঙ্গলের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
এমআর/টিএ