© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে জোড়া কেক কেটে মহিষের জন্মদিন উদ্‌যাপন

শেয়ার করুন:
ভারতে জোড়া কেক কেটে মহিষের জন্মদিন উদ্‌যাপন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২১ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের উত্তরপ্রদেশের বালিয়া জেলায় পোষা মহিষ 'বাসন্তী'র চতুর্থ জন্মদিন ঘটা করে উদযাপন করেছেন রাজেশ কুমার ভার্মা নামে এক ব্যক্তি। জন্মদিন উপলক্ষে বেলুন, কেক, ফুলের মালা ও বিশেষ টুপির আয়োজন করা হয়।

বাসন্তীর জন্মদিন উদযাপনের জন্য একটি স্থান রঙিন বেলুন দিয়ে সাজান রাজেশ। সেখানে একটি টেবিলে রাখা হয় দুটি কেক। জন্মদিনের সাজে বাসন্তীর মাথায় পরানো হয় 'হ্যাপি বার্থডে' লেখা টুপি। গলায় পরানো হয় ফুলের মালা।

এ আয়োজন দেখতে স্থানীয় গ্রামবাসীরাও জড়ো হন। তাদের উপস্থিতিতেই কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে 'হ্যাপি বার্থডে বাসন্তী' বলে শুভেচ্ছা জানান।

জন্মদিনের অনুষ্ঠানে বাসন্তীকেও বিশেষভাবে আপ্যায়ন করা হয়। উপস্থিত ব্যক্তিরা তাকে আদর করে কলা ও কেক খাওয়ান। পুরো আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বাসন্তীর জন্মদিন উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনেকেই পোষা মহিষটির প্রতি রাজেশের ভালোবাসার প্রশংসা করেছেন। একই সঙ্গে মালিক ও পোষা প্রাণীর মধ্যকার আন্তরিক সম্পর্কও মানুষের নজর কেড়েছে।

কেক, বেলুন, জন্মদিনের টুপি আর ফুলের মালায় সাজানো বাসন্তীর এই ব্যতিক্রমী জন্মদিনের আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আগ্রহ তৈরি করেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

এমআই/টিএ

মন্তব্য করুন